পরিবারের বাঁধনের উষ্ণতা, সম্পর্কের নিরাপত্তা আর রীতিনীতির আবরণে অনেক সময়ই চাপা পড়ে যায় এমন কিছু সত্যি, যা বলা হয় না কখনও। অনেক নারীর জীবনেই নীরবতাকে ভুল করে ‘শান্তি’ বলে মনে করা হয়, অথচ সেই নীরবতার আড়ালেই চাপা পড়ে থাকে তাঁর সম্মতি, ইচ্ছা আর ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন।

এই অস্বস্তিকর অথচ জরুরি বাস্তবকেই সামনে আনতে এবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা সংস্থা এসভিএফ। তাদের প্রথম হিন্দি ডিজিটাল সিরিজ চিড়াইয়া অর্থাৎ চড়াই পাখি। জিওহটস্টার-এ এই সিরিজ মুক্তি পেতে চলেছে আগামী ২০ মার্চ।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার। আর সেখানেই দেওয়া হয়েছে একটি স্পষ্ট বার্তা- বিয়ে মানেই সম্মতি নয়। কোনও সম্পর্ক, এমনকী দাম্পত্য সম্পর্কও কোনও নারীর শরীর, কণ্ঠ বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নিতে পারে না।ছয় পর্বের এই সিরিজ পরিচালনা করেছেন শশান্ত শাহ। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিব্যা দত্ত, সঞ্জয় মিশ্র, তিঁনি আনন্দ, সরিতা যোশী, অঞ্জুম সাক্সেনা, ফয়জল রাশিদ, প্রসন্ন বিস্ত ও সিদ্ধার্থ শাহ-কে।

সিরিজের ট্রেলারে দেখা যায় কমলেশ নামের এক আদর্শ পুত্রবধূর গল্প। বাইরে থেকে যার সংসার নিখুঁত ও স্থিতিশীল। কিন্তু হঠাৎই তাঁর সেই নিরাপদ পৃথিবী ভেঙে পড়ে, যখন সে জানতে পারে তার ননদ পূজা নিজের দাম্পত্য জীবনেই অকথ্য যৌন নির্যাতনের শিকার।

এই সত্যি সামনে আসতেই দ্বিধার মধ্যে পড়ে যায় কমলেশ। একদিকে পরিবারের সম্মান রক্ষা, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দায়। ধীরে ধীরে সেই দ্বন্দ্বই পরিণত হয় গভীর ব্যক্তিগত লড়াইয়ে, যেখানে প্রশ্নের মুখে পড়ে বহুদিনের প্রথা, সামাজিক বিশ্বাস এবং পুরুষতান্ত্রিক কাঠামো।

দিব্যা দত্ত, যিনি সিরিজে কমলেশের চরিত্রে অভিনয় করেছেন, বললেন -“ ‘চিরাইয়া’ শুধু একটি গল্প নয়, এটি সেই নীরবতার আয়না যা আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে নিয়ে চলেছি। কমলেশ এমন এক নারী, যে পরিবারের মূল্যবোধে বড় হয়েছে, কিন্তু যখন অন্যায়ের মুখোমুখি হয় তখন সে নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখে। তার প্রতিবাদ উচ্চকণ্ঠ নয়, কিন্তু গভীর ও শক্তিশালী।”

 

 

অন্যদিকে সঞ্জয় মিশ্র মনে করেন, এই সিরিজের সবচেয়ে বড় শক্তি তার সততা। তাঁর কথায়, গল্পটি কোনও চরিত্রকে একমাত্রিক নায়ক বা খলনায়ক বানায় না। বরং দেখায় কীভাবে সমাজের বিশ্বাস, ভয় আর চাপে অনেক সময় অন্যায়কে নীরব সমর্থন দেওয়া হয়।

পরিচালক শশান্ত শাহ জানান, এই সিরিজ নির্মাণ তাঁর কাছে ছিল অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা। তাঁর কথায়, “এই গল্পের অস্বস্তি আসে কোনও চরম ঘটনা থেকে নয়, বরং প্রতিদিনের অভ্যস্ত নীরবতা আর স্বাভাবিক বলে মেনে নেওয়া আচরণ থেকে।”


এসভিএফ-এর পক্ষ থেকে সংস্থার অন্যতম মুখপাত্র অভিষেক দাগা এই প্রসঙ্গে জানান, এই সিরিজের মাধ্যমে তারা হিন্দি দীর্ঘ-ফরম্যাট কনটেন্টের জগতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখছে। তাঁর কথায়, “‘চিড়াইয়া’-র মাধ্যমে আমরা এমন এক গল্প নিয়ে আসছি, যা যেমন অস্বস্তিকর সত্যির মুখোমুখি করায়, তেমনই অত্যন্ত প্রয়োজনীয়। ট্রেলারটিতে সেই গল্পের এক ঝলক দেখা যায় যেখানে কঠিন সত্যগুলো সামনে আসে, কিন্তু মানবিক আবেগের গভীরতার সঙ্গে।”

তিনি আরও জানান, তাদের বিশ্বাস—এ ধরনের গল্প শুধু দর্শকদের বিনোদনই দেয় না, বরং গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন নিয়েও ভাবতে বাধ্য করে।

 

সব মিলিয়ে, ‘চিরাইয়া’ শুধু একটি সিরিজ নয় বরং এমন এক প্রশ্ন, যা বহুদিন ধরে সমাজের অন্দরেই ঘুরপাক খাচ্ছে।

২০ মার্চ থেকে জিও হটস্টারে  ‘চিরাইয়া’র স্ট্রিমিং শুরু হলে সেই প্রশ্নের মুখোমুখি হবেন দর্শকরাও।