আবারও শোকের ছায়া বিনোদন জগতে। মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেতা। চাইনিজ অভিনেতা তথা মডেল জিন জি এদিন প্রয়াত হন। জানা গিয়েছে তাঁর বাড়িতেই তাঁর মৃত্যু ঘটেছে।
জিন জি হ্যাং জিওয়াওয়েই শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। ৪ জুন ২০২৬ সালে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে এনে শোকপ্রকাশ করেছে শেংসি গুয়াংনিয়ান কালচার কোম্পানি। তাদের তরফে এই সময় অভিনেতার পরিবারকে একান্তের ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। শেষকৃত্যে তাঁদের একান্তে ছেড়ে দেওয়ার কথাও বলা হয়। একই সঙ্গে ভুয়ো, মিথ্যে খবর না ছড়ানোর কথাও বলা হয়েছে।
জিন জি চিনের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ছিলেন। একাধিক রোমান্টিক ঘরানার ছবিতে কাজ করেছেন তিনি। তিনি 'বিগিন এগেন', 'ফরগেট ইউ রিমেম্বার মি', 'হ্যালো জোন', 'লিগ্যালি রোম্যান্স', 'ডোন্ট নেগোশিয়েট উইথ ইয়োর বস', ইত্যাদির মতো প্রজেক্টে কাজ করেছেন। তিনি তাঁর প্রফেশনালিজম এবং বিনয়ী স্বভাবের জন্য সকলের খুব পছন্দের ছিলেন। জনপ্রিয়ও ছিলেন একই কারণে।
তাঁর এই অসময়ে, অস্বাভাবিক মৃত্যুর খবর এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর অনুরাগী, দর্শক, সহকর্মীদের। জিন জির প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পর অনেকেই শোকপ্রকাশ করেন। তবে কী কারণে, কেন মৃত্যুর হয়েছে অভিনেতার সেটা এখনও স্পষ্ট করা হয়নি। শুধু জানানো হয়েছে, ৪ জুন তিনি তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমনকী তাঁর পরিবারে কারা আছেন, বাবা মা আছেন কিনা সেসবও জানানো হয়নি। তাঁর ব্যক্তিগত জীবন লাইমলাইট থেকে দূরেই রাখতে চেয়েছে তাঁর এজেন্সি।















