দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর বিপরীতে টলিপাড়ার বহু অভিনেত্রীকে আগে কাজ করতে দেখা গিয়েছে। এবার পালা অভিনেত্রী পৌলমী দাসের। সুমন মুখার্জির পরিচালনায় 'আজাদি' ছবিতে জুটি হিসেবে দেখা যাবে চঞ্চল ও পৌলমীকে। এই প্রথমবার চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে আপ্লুত পৌলমীও। এই ছবির বিষয়বস্তু, নির্মাণ এবং প্রতিটি চরিত্র—সব মিলিয়েই 'আজাদি' একটি আলাদা অভিজ্ঞতা হতে চলেছে দর্শকের কাছে।

এটি মূলত দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এক আবেগঘন গল্প, যেখানে ব্যক্তিগত জীবন ও বৃহত্তর ইতিহাস একসঙ্গে মিশে যায়। চেনা দেশভাগের গল্পের বাইরে গিয়ে, ছবিতে তুলে ধরা হচ্ছে এক তুলনামূলক কম আলোচিত বাস্তব। কলকাতা ও ঢাকার মধ্যে সরকারি কর্মীদের যাতায়াত ও স্থানান্তরের বিষয়টি। এক কথায় ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকা এক গল্প। এই ছবিতে চঞ্চল অভিনয় করছেন 'সেলিমুল্লা' নামে এক মুসলিম পুলিশ অফিসারের চরিত্রে। চরিত্রটি শুধু পেশাগত দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সময়ের রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের মধ্যেও অবস্থান করছে। আর তাঁর নায়িকার চরিত্রে রয়েছেন পৌলমী। ইতিমধ্যেই কলকাতায় শুটিং শেষ হয়েছে এই ছবির। খুব তাড়াতাড়িই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'আজাদি'।
প্রসঙ্গত, পৌলমীকে দর্শক ছোটপর্দায় থেকে বড়পর্দায় বহু চরিত্রে দেখেছেন। এমনকী ওটিটিতেও নজর কেড়েছেন অভিনেত্রী। সম্প্রতি, পৌলমীকে দর্শক দেখেছিলেন ছোটপর্দায়, ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে। সেখানেও তাঁর চরিত্রটি দর্শকের মনে জায়গা পেয়েছিল। এবার প্রথমবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটিতে তাঁর অভিনয় কতটা নজর কাড়ে দর্শক ও সমালোচক মহলের এখন সেটাই দেখার।















