ভারতীয় সিনেমার বিষয়ে একটি বিরাট সিদ্ধান্ত নিল সেন্সর বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ভারতের সব ছবিতেই সাবটাইটেল বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে এই নির্দেশ কার্যকর হবে। সেন্সর সার্টিফিকেটের জন্য যে কোনও ভাষার ছবি জমা দিলে তাতে সাবটাইটেল থাকা বাধ্যতামূলক থাকবে।

এই সিদ্ধান্তের লক্ষ্য সিনেমাকে আরও সহজ ও সবার জন্য দেখার উপযোগী করে তোলা। বিশেষ করে যাঁরা কানের বা দৃষ্টিজনিত সমস্যায় ভোগেন, তাঁদের জন্য ছবিতে সাবটাইটেলের পাশাপাশি প্রয়োজনে অডিও ডেসক্রিপশন রাখার কথাও বলা হয়েছে। এতে করে তাঁরাও সহজে সিনেমা বুঝতে পারবেন।

সেন্সরের নতুন নিয়ম অনুযায়ী, নির্মাতাদের ছবির চূড়ান্ত ভার্সনেই সাবটাইটেল যোগ করে ছাড়পত্র পাওয়ার জন্য জমা দিতে হবে। সেই সঙ্গে সার্টিফিকেশন প্রক্রিয়ায় ডিজিটাল সিনেমা প্যাকেজ (DCP)-এর মধ্যেই এই সব উপকরণ জমা দিতে হবে।

 

অনেকের মতে, এই পদক্ষেপ ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের অনেক দেশেই সিনেমায় সাবটাইটেল ও অডিও ডেসক্রিপশন এখন সাধারণ বিষয়, যাতে আরও বেশি দর্শক সিনেমা দেখতে পারেন।

তবে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে সমাজমাধ্যমে কিছু বিতর্কও শুরু হয়েছে। অনেকেই এই উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন, সবসময় পর্দায় সাবটাইটেল থাকলে তা মাঝে মাঝে সিনেমা দেখার অভিজ্ঞতায় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে আবেগঘন দৃশ্যে সাবটাইটেল পড়তে গিয়ে মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।

তবু সব মিলিয়ে এই সিদ্ধান্ত ভারতীয় সিনেমায় নতুন এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সিনেমাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং সবাইকে সমানভাবে সেই অভিজ্ঞতার অংশ করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। এখন থেকে তাই ছবি নির্মাতাদের পোস্ট-প্রোডাকশনের সময়েই সাবটাইটেল ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখতে হবে, তারপরই ছবিটি সেন্সর সার্টিফিকেশনের জন্য জমা দিতে হবে।