মার্ভেল ছবিপ্রেমীদের জন্য বড় খবর! তবে এই খবর 'স্পাইডার ম্যান' প্রেমীদের জন্য আনন্দের না বিরক্তের তার ভার পাঠক ও দর্শকের উপরেই।ভারতে মুক্তির আগেই সেন্সর বোর্ডের  কোপের মুখে পড়ল বহুল প্রতীক্ষিত সুপারহিরো ছবি 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'। সেন্সর বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, ছবিটির রানটাইম থেকে বাদ দেওয়া হয়েছে চুম্বনের বেশ কিছু দৃশ্য। জানিয়ে রাখা ভাল, এই একই কাণ্ড ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ডের ছবি 'স্পেক্টর'-এ ঘটিয়েছিল সেন্সর বোর্ড। সে ছবির অতি গুরুত্বপূর্ণ একটি সিকোয়েন্সে মোনিকা বেলুচ্চি এবং ড্যানিয়েল ক্রেগের ঠোঁট ঠোঁট রেখে একটি আবেগঘন চুম্বনের দৃশ্য সম্পূর্ণ ছেঁটে ফেলা হয়েছিল ভারতীয় দর্শকদের জন্য! 

২৩ জুলাই প্রকাশিত সিবিএফসি-র শংসাপত্রট অনুযায়ী, ছবিটিকে 'UA 13+' সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ ১৩ বছরের কম বয়সীরা অভিভাবকের তত্ত্বাবধানে এই ছবি দেখতে পারবে। সমস্ত পরিবর্তন ও ছাঁটাইয়ের পর ছবিটির চূড়ান্ত রানটাইম দাঁড়িয়েছে ২ ঘণ্টা ২৪ মিনিট ৫২ সেকেন্ড।


ঠিক কী কী পরিবর্তন করা হয়েছে?

ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য বাদ: ছবির ৪৪ মিনিট এবং ৫৭ মিনিটের মাথায় থাকা দু'টি চুম্বনের দৃশ্য সম্পূর্ণ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। দৃশ্যগুলি থেকে মোট ৮ সেকেন্ড বাদ দেওয়া হয়েছে।

অশ্লীল শব্দ মিউট: ছবির তিনটি জায়গায় থাকা কিছু আপত্তিকর শব্দ অডিও ও সাবটাইটেল থেকে মিউট বা সরিয়ে ফেলা হয়েছে।

অ্যান্টি-লিকর ডিসক্লেইমার: সেন্সর বোর্ডের নিয়ম মেনে ছবিতে মদ্যপান সংক্রান্ত বাধ্যতামূলক বিধিসম্মত সতর্কীকরণ যুক্ত করা হয়েছে।


টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর এই ৩৭তম ছবি এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ ছবি আগামী ৩০ জুলাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের একদিন আগেই ভারতে মুক্তি পাচ্ছে এই ছবি।