২০২৬-এর পুজোর ছবি হয়ে আসছে একেনবাবুর নতুন গল্প। এবার রহস্যের সমাধানে কেরলে পাড়ি দেবে এই গোয়েন্দা। ছবির নাম 'কেরালায় কুরুক্ষেত্র'। বরাবরের মতো এই ছবির পরিচালনাও জয়দীপ মুখার্জি করবেন। পদ্মনাভ দাশগুপ্তর চিত্রনাট্যে ঘনাবে রহস্য। একেনবাবুর সিরিজ 'পুরুলিয়ায় পাকড়াও'-এর শেষেই ইঙ্গিত মিলেছিল তার কেরলে যাত্রার। তবে এবার আর বেড়াতে নয়, বরং একেনকে কিডন্যাপ করেই দক্ষিণে নিয়ে যাওয়া হবে।
এই ছবিতে বরাবরের মতোই 'বাপি' ও 'প্রমোথ'র চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখার্জি ও সোমক ঘোষকে। এবার ছবির কাস্টে যোগ হয়েছে বহু চেনা তারকা। রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, সুব্রত দত্ত, অর্ণ মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখার্জির মতো আরও অনেকেই। দেখা যেতে পারে এক মালয়ালি অভিনেত্রীকেও।
'ক্যাপ্টেন অফ দ্য শিপ' জয়দীপ মুখার্জির কথায়, "একেনবাবু ফ্রাঞ্চাইজির প্রতিটা ছবিই যাতে দর্শক একটা অন্যটার থেকে ভাল বলতে পারেন, সেই চেষ্টাই করি। এবারের গল্পে চরিত্রদের বিভিন্ন শেড আছে। ঋত্বিককে নতুনভাবে চিনবেন দর্শক। খলনায়কের চরিত্রে একেনের পাশে তেমন কাউকে দরকার ছিল যে লড়তে পারবে। ঋত্বিককে তাই বেছে নেওয়া। অন্যদিকে রাইমাও কম রহস্য ছড়াবেন না।"
'একেনবাবু' অনির্বাণের কথায়, "বিভিন্ন চরিত্রে, বিভিন্ন ছবিতে কাজ করার পর একেনবাবুর গল্প আমার কাছে যেন ঘরে ফেরা। তাই টানটা খুব কাজ করে।"
খলনায়ক 'ইরফান ফাজিল'-এর ভূমিকায় ঋত্বিক। তিনি বলেন, "আগে একবার গোরা ও একেনের যুগলবন্দি দর্শক এক ঝলক দেখেছিলেন। তবে এবার আমি একেবারে অন্য ভূমিকায়। আমি নিজেই একেনবাবুর ফ্যান। তাই এই ফ্রাঞ্চাইজিতে যুক্ত হব ভেবেই এক্সাইটেড। এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি কখনও পুজোয় আমার ছবি আসেনি। এবার একেনবাবু পুজোয় আসছে। তাই বলতে পারি এটাই আমার প্রথম পুজোর ছবি।"
অফিসার 'সুমন্ত'র চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত। তাঁর কথায়, "পুলিশের চরিত্রে তো আগেও অভিনয় করেছি। তবে এখানে মহাভারত ও কুরুক্ষেত্রের একটা মিশেল আছে তাই খুবই এক্সাইটেড। আমার আগেও একবার একেনবাবু করার কথা ছিল কিন্তু তখন হয়নি। এবার তাই সুযোগ ছাড়িনি।"
অন্যদিকে, রাইমার চরিত্রের নাম 'দীপা'। জানা যাচ্ছে, রহস্য ঘনীভূত হবে তাঁকে ঘিরেই। আর অম্বরীশ থাকবেন একজন বিজ্ঞানী হিসেবে।















