ছবিতে থাকা একরত্তি বর্তমানে টলিউডের খ্যাতনামা অভিনেত্রী। সামনেই তাঁর বিয়ে। বাগদান সেরেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকারের সঙ্গে। দেখুন তো চিনতে পারছেন? আরও একটু হিন্ট দিয়ে বলি তাঁর দিদিও কিন্তু অভিনেত্রী। বাবাকে হারিয়েছেন সদ্যই। হ্যাঁ, ছবির এই ছোট্ট মেয়েটি আর কেউ নন, টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
এদিন ঋতাভরী চক্রবর্তী সমাজমাধ্যমে তাঁর এই ছোটবেলার ছবিটি পোস্ট করেছেন। সাদা জামা পরে মায়ের হাত ধরে কেক কাটছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর দিদি চিত্রাঙ্গদা।
কেবল ছোটবেলার ছবি নয়, এদিন চিত্রাঙ্গদার বিয়ের দিনের একটি ছবিও পোস্ট করেছেন ঋতাভরী। সেখানে চিত্রাঙ্গদাকে বিয়ের সাজে দেখা যাচ্ছে। আর অভিনেত্রীর পরনে লাল রঙের লেহেঙ্গা। আর তাঁদের মা লাল পাড় সাদা শাড়ি পরে মাঝে বসে। দুই পাশে দুই মেয়ে। এর সঙ্গে তাঁদের তিনজনের আরও একটি ছবিম পোস্ট করেছেন।
এদিন ছবিগুলো পোস্ট করে ঋতাভরী চক্রবর্তী লেখেন, 'আপনারা এখানে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন, আমি একটা ইউনিট দেখছি। দ্বিতীয় ছবিতে আমি ওদের যেভাবে দেখছি আমি আদতেই ওদের ওভাবেই দেখি। আমি কৃতজ্ঞ আমার এই সুন্দর পরিবারের জন্য। আমার যোদ্ধারা, আমার প্রিয় বন্ধুরা।'
ঋতাভরী চক্রবর্তীর এই পোস্টে তাঁর মা এবং দিদি দু'জনেই মন্তব্য করেছেন। তাঁর অনুরাগীরাও মন্তব্য করেছেন। কেউ জানিয়েছেন ঋতাভরী এবং তাঁর মা শতরূপার মুখ একদম এক। কেউ আবার জানিয়েছেন তাঁদের তিনজনের এই জুটি সত্যিই সুন্দর।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ঋতাভরী চক্রবর্তীকে দর্শক শেষবার হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ 'কার্মা কোর্মা'তে দেখেছেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন সোহিনী সরকার এবং ঋত্বিক চক্রবর্তী। প্রতিম ডি গুপ্ত সিরিজটির পরিচালনা করেছিলেন। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে একটি টেলি সিরিজে। শুরু হচ্ছে 'হইচই'-এর বিশেষ বিভাগ 'হইচই টিভি প্লাস'। প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। চলতি বছরের গোড়াতেই মুক্তি পাবে টেলি সিরিজ 'শাখা প্রশাখা'। স্বামীর উত্তরাধিকার নিয়ে এক মহিলার লড়াইয়ের গল্প বলবে 'শাখা প্রশাখা'। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে।
কয়েক মাস আগেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, মুম্বাইতে তাঁরা প্রায়ই একসঙ্গে থাকেন। নিজের নতুন সংসার বিয়ের আগে থেকেই গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী। তবে কবে বিয়ে করছেন তা এখনও সরাসরি জানাননি ঋতাভরী।
