চিত্রশিল্পী সমীর আইচ৷ পশ্চিমবঙ্গে চিত্রশিল্পের চর্চার জন্য স্কুল গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন সমীর আইচ৷ একদিকে যেন চিত্রশিল্পের মতো একটা বিষয় সিলেবাসে যুক্ত হবে অন্যদিকে রাজ্যের যে সব শিল্পীরা আর্ট কলেজ থেকে পাশ করছেন তাঁদেরও কর্মসংস্থান হবে। এমনটা ভেবেই সিলেবাস তৈরি করে দিয়েছিলেন বলে আজকাল ডট ইন-কে জানিয়েছেন সমীর আইচ৷
সমীর বলেন, "যখন তৃণমূল সরকার এসেছিল, ব্রাত্য তো আমার তৎকালীন সময়ে ছোট ভাইয়ের মত ছিল, এটা সবাই জানে, বামফ্রন্টের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছি, ব্রাত্য আমার সঙ্গে বহু আন্দোলনে ছিল। ব্রাত্য তখন শিক্ষামন্ত্রী হল। শিক্ষামন্ত্রী ব্রাত্যর ঘরে বসে সব লিস্ট করে দিলাম৷ কি বিচিত্র রাজ্য, আমাদের রাজ্যে পাঁচটা থেকে সাতটা আর্ট কলেজ আছে। কল্যাণী ইউনিভার্সিটি আছে আর্টের জন্য। কিন্তু আর্ট নিয়ে পড়াশোনার জন্য স্কুল নেই। নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত আর্ট কোনও সাবজেক্ট নয়৷ অথচ কলেজ আছে। এটা কিভাবে সম্ভব?"
শিল্পী আরও বলেন, " সাতটা কলেজ থেকে যদি গড়ে ৩০০-৪০০ ছেলেমেয়েরা পাশ করছে, তাদের কর্মসংস্থান কীভাবে হবে? কেউ ভেবেছে? কেউ ভাবেনি। বাধ্য হয়ে শিল্পীরা বাইরে চলে যাচ্ছে৷ মহারাষ্ট্র, রাজস্থান, দেরাদুন, দিল্লি তাদের যে স্কুলগুলো সেখানে অধিকাংশ বাঙালি চিত্রশিল্পীরা আর্টের টিচার। সবচেয়ে বেশি শিল্পের চর্চা হয় আমাদের পশ্চিমবঙ্গে। সেখানে আমাদের ছেলেমেয়েরাই এরকম ভাবে বঞ্চিত। আগের সরকার কিছু করেনি। সিলেবাস করে দিয়ে এসেছিলাম ব্রাত্যর কাছে এবং ব্রাত্য সেটা আমার সাথে ওর ঘর থেকে বেরিয়ে মিডিয়ার কাছে বলে তৎকালীন সময়ে। ২০১১ তে। আমি দিনের পর দিন ব্রাত্যকে জানতে চেয়েছি, ব্রাত্য বলেছে দাদা হচ্ছে৷ কিন্তু হয়নি৷"















