টলিপাড়ায় নতুন জুটি বনি সেনগুপ্ত ও অঙ্গনা রায়। তবে বড়পর্দায় নয়, দর্শক এই জুটিকে দেখবেন ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ বাংলার সিরিজে। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিরিজের নাম 'প্রেম শর্টস'। পরিচালনায় শ্রীমন্ত সেনগুপ্ত। মাভেরিক্স-এর প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই সিরিজটি। 

জানা যাচ্ছে, এই সিরিজের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। বনির এটাই প্রথম ওটিটিতে কাজ। বড়পর্দায় বহু চরিত্রে কাজ করার পর এই প্রথমবার ওটিটির পর্দায় দেখা যাবে বনিকে। এবার রোমান্টিক ঘরানার এই সিরিজে বনিকে দেখা যাবে অঙ্গনার সঙ্গে। 'প্রেম শর্টস'-এর হাত ধরেই দর্শকের সামনে হাজির হচ্ছেন নতুন জুটি বনি ও অঙ্গনা। 

'বরবাদ' ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হয়েছিল বনি সেনগুপ্তর। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় কৌশানী মুখার্জির সঙ্গে তাঁর ছবি ছিল 'পারবো না আমি ছাড়তে তোকে'। এই ছবির হাত ধরেই দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন বনি। কৌশানীরও এটাই প্রথম ছবি ছিল। এরপর বহু ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বনিকে দেখা গিয়েছিল বিভিন্ন নায়িকার সঙ্গেও জুটি বাঁধতে। এবার অঙ্গনার সঙ্গে দেখা যাবে তাঁকে। 

প্রসঙ্গত, অঙ্গনা বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় পরিচিত মুখ। কিছুদিন আগেই দর্শক তাঁকে দেখেছেন হইচই-এর সিরিজ 'কুহেলি'তে। এই সিরিজে অঙ্গনার দুই বড়দিদির চরিত্রে দেখা গিয়েছে ঋদ্ধিমা ঘোষ ও সুস্মিতা দেকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, শুভ্রজিৎ দত্ত, দুর্বার শর্মা ও অনিন্দ্য চ্যাটার্জি। এই সিরিজে পুলিশ অফিসার কৌশিকের চরিত্রের আত্মহত্যার রহস্য সমাধান করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। এই প্রথমবার প্রিয়াঙ্কাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখলেন দর্শক। অন্যদিকে, অঙ্গনা-সুস্মিতা-ঋদ্ধিমা কীভাবে এই রহস্যের জালে জড়িয়ে যায়, সেটাই ফুটে উঠছে 'কুহেলি'তে।