বলিউড সব সময়ই নতুন প্রতিভাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। আগামী দুই বছরও ব্যতিক্রম হবে না। ২০২৬ এবং ২০২৭ সালে একঝাঁক নতুন মুখ বলিউডের রূপোলি পর্দায় পা রাখতে চলেছেন। এদের মধ্যে যেমন আছেন গ্ল্যামার দুনিয়ার বাইরে থেকে আসা প্রতিভাবান নতুন মুখ, তেমনই লাইমলাইটে থাকা বেশ কয়েকজন ‘স্টার কিড’ও। 

বড় বড় প্রযোজনা সংস্থা ও নামী পরিচালকদের হাত ধরে কেরিয়ার শুরু করবেন এই নতুন তারকারা। যাঁদের নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে বলিউডের নজর কাড়তে চলা এমনই কয়েকজন নবাগতদের বিষয়ে জেনে নেওয়া যাক- 

অংশ দুগ্গাল: বলিউডের নতুন 'চকোলেট বয়' হতে চলেছেন অংশ দুগ্গাল। ‘নখরেওয়ালি’ ছবির হাত ধরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁর অভিষেক হতে চলেছে। সিনেমাটির নাম ও বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যেই তরুণ প্রজন্মের দর্শকদের মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে। বড় পর্দায় তিনি নিজেকে কীভাবে মেলে ধরেন, সেটাই এখন দেখার।

যশবর্ধন আহুজাঃ বলিউডের অন্যতম সেরা ডান্সিং হিরো ও সুপারস্টার গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা এবার বাবার জুতোয় পা গলাতে প্রস্তুত তিনি। পরিচালক সাজিদ খানের আগামী সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর রাজকীয় অভিষেক হতে চলেছে। কোনও রকম তাড়াহুড়ো না করে, নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত করেছেন তিনি। দীর্ঘদিন লাইমলাইট থেকে দূরে রেখে কঠোর পরিশ্রম করেছেন যশবর্ধন। স্বাভাবিকভাবেই, গোবিন্দার ভক্তরা তাঁর ছেলেকে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন।

কোমল পাওয়াসকরঃ ‘ইকাই’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের বড় ব্রেক পেতে চলেছেন নতুন মুখ কোমল পাওয়াসকর। বিখ্যাত পরিচালক বিকাশ বহলের পরিচালনায় এই সিনেমায় কোমলকে দেখা যাবে রাঘব জুয়ালের বিপরীতে। রাঘবের মতো প্রতিভাবান এবং পরিচিত অভিনেতার পাশে কোমল কতটা নজর কাড়তে পারেন, তা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। 

নাওমিকা সরণঃ বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার নাতনি (রিঙ্কি খন্নার কন্যা) নাওমিকা সরণ এবার পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন। বড় পর্দায় পা রাখছেন তিনি। ‘ম্যাডক ফিল্মস’-এর মতো নামী প্রযোজনা সংস্থার ব্যানারে ‘জান হ্যায় তু মেরি’ সিনেমার মাধ্যমে তাঁর অভিষেক হতে চলেছে। বলিউডের অন্যতম প্রভাবশালী রাজপরিবারের পরবর্তী প্রজন্মকে রূপোলী পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

নতুন প্রজন্মের হাত ধরে যেন বলিপাড়ায় বদলের হাওয়া। একদিকে যেমন রয়েছে সম্পূর্ণ নতুন প্রতিভাদের নিজস্ব লড়াই, অন্যদিকে তেমনই রয়েছে চেনা তারকা সন্তানদের ওপর নিজেদের প্রমাণ করার চাপ। 

সবমিলিয়ে, আগামী দু'বছর বলিউডে এই নতুন মুখদের ভবিষ্যৎ এখন দর্শকদের রায়ের ওপর নির্ভর করছে। বক্স অফিসে এবং দর্শকদের মনে এঁরা কতটা জায়গা করে নিতে পারেন, তা সময়ই বলবে।