বলিউড অভিনেত্রী জারিন খানের পরিবারে আবারও উদ্বেগের ছায়া। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের অসুস্থতার খবর ভাগ করে নিয়েছেন। জারিন জানান, তাঁর মা আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই কঠিন সময়ে নেটিজেন ও অনুরাগীদের কাছে মায়ের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আবেগঘন আবেদন জানিয়েছেন তিনি।
জারিন খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের অসুস্থতার খবর জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, 'মা আবারও হাসপাতালে ভর্তি। দয়া করে আপনারা তাঁর জন্য প্রার্থনা করুন।' এই বার্তার সঙ্গে তিনি একটি হাত জোড় করার ইমোজিও ব্যবহার করেছেন, যা তাঁর মনের ব্যাকুলতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তবে ঠিক কী কারণে বা কোন অসুস্থতার জন্য তাঁর মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
অভিনেত্রীর এই পোস্টটি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। জারিনের অগণিত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মায়ের দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট এবং মেসেজ পাঠাতে শুরু করেন। অনেকেই লিখেছেন, "চিন্তা করবেন না, আমরা সবাই আপনার মায়ের জন্য প্রার্থনা করছি।" বলিউডের এই অভিনেত্রী বরাবরই তাঁর মায়ের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন যে, তাঁর মা-ই হলেন তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং মনোবলের উৎস।
প্রসঙ্গত, এর আগেও গত বছরের অক্টোবর মাসে জারিন খানের মা বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময়ও জারিন তাঁর অনুরাগীদের কাছে একইভাবে প্রার্থনার জন্য আবেদন করেছিলেন। বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাভাবিকভাবেই জারিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এক সাক্ষাৎকারে মাকে নিয়ে অভিনেত্রী বলেছিলেন, 'যদি আমার মা-ই না থাকেন তাহলে আমার কাছে অন্য কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয় । আমার জীবনে মা ছাড়া আর কেউ নেই। যখন তিনি অসুস্থ থাকেন তখন আমার আর কিছুই ভাল লাগে না। বেঁচে থাকার অর্থই খুজে পাই না। তখন আমার কাজ, ফিটনেস রুটিন সবকিছু ওলোটপালট হয়ে যায়।'
অভিনয় জগতে জারিন খানের অভিষেক হয়েছিল সলমন খানের বিপরীতে 'বীর' ছবির মাধ্যমে। এরপর 'হাউসফুল ২', 'হেট স্টোরি ৩'-এর মতো ছবিতে কাজ করে বলিউডে তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি সবসময়ই প্রচারের আড়ালে থাকতেই পছন্দ করেন এবং তাঁর পরিবারকেই সবকিছুর উপরে স্থান দেন। বর্তমানে মায়ের এই কঠিন সময়ে তিনি সব কাজ ফেলে তাঁর পাশেই রয়েছেন। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রীর মা, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
