সংবাদসংস্থা মুম্বই: দেনার দায়ে ডুবে বাসু ভাগনানির 'পূজা এন্টারটেইনমেন্ট'। সংস্থার প্রচুর কর্মী ছাঁটাইয়ের খবরে শোরগোল উঠেছে টিনসেল টাউনে। এই প্রযোজনা সংস্থার বহু কর্মীরা সরব হয়েছেন তাঁদের বেতনের বকেয়া টাকা নিয়ে। সরব না হলেও পারিশ্রমিক না পাওয়ার কর্মীদের মধ্যে রয়েছেন রবি কুমার নামের এক আলোকচিত্রী। এবার তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টাইগার শ্রফ।

৪৫ বছরের ওই আলোকচিত্রী দীর্ঘদিন দিন ধরে অসুস্থ। গত বছরে শুটিং চলাকালীন একটি দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। এরপর অস্ত্রোপচারও হয়। প্রায় মাস আটেক ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। সম্প্রতি কাজে ফিরেছেন তিনি। তবে খুব সামান্য কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। এদিকে চিকিৎসার জন্য তাঁর জমানো টাকার প্রায় সবটুকুই খরচ হয়ে গিয়েছে। এই খবর কানে আসামাত্রই রবি কুমারের পাশে এসে দাঁড়িয়েছেন টাইগার।

ঠিক কত টাকা দিয়ে তাঁকে সাহায্য করেছেন জ্যাকি-পুত্র সেই অঙ্কটা না জানালেও ওই আলোকচিত্রী জানান, টাইগারের মা আয়েষা শ্রফ নিজে তাঁর হাতে সেই টাকা তুলে দিয়েছেন। কানাঘুষোয় শোনা যাচ্ছে টাকার অঙ্কটা নাকি লাখ খানেক। রবি কুমার বলেন, "আমি টাইগারের প্রথম ছবি 'হিরোপন্তি'তে কাজ করেছিলাম। জানি না, টাইগারের তা মনে রয়েছে কি না। স্রেফ মানবিকতার খাতিরেই যিনি তিনি আমার পাশে এসে দাঁড়ালেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই"।  
প্রসঙ্গত, এই রবি কুমারের ভাই প্রসাদ কাজ করেছিলেন জ্যাকি শ্রফ অভিনীত '১৯৪২ আ লভ স্টোরি' ছবিতে। সেই ছবির শুটিং চলাকালীন প্রসাদের হাত ভেঙ্গে যায়। নিজের পকেটের টাকা খরচ করিয়ে প্রসাদের চিকিৎসা করিয়েছিলেন জ্যাকি।