গত বছর নভেম্বরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। সেই শোক আজও কাটিয়ে উঠতে পারেননি তাঁর পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবার স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন ববি দেওল। অভিনেতা জানালেন, বাবার চলে যাওয়া তাঁর জীবনের অগ্রাধিকারগুলো বদলে দিয়েছে এবং অবিশ্বাস্যভাবে তাঁকে কাছে টেনে নিয়েছে সৎ বোন এষা ও অহনা দেওলের।

 

বলিউডের বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্রর প্রয়াণের পর প্রায় পাঁচ মাস কেটে গিয়েছে। কিন্তু তাঁর ছোট ছেলে ববি দেওলের হৃদয়ে শূন্যতা আজও অটুট। সম্প্রতি ‘এসকোয়ার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ববি জানালেন, বাবার চলে যাওয়ার পর সাফল্য বা বক্স অফিসের চেয়েও পরিবারের সঙ্গে কাটানো সময় তাঁর কাছে অনেক বেশি মূল্যবান হয়ে উঠেছে। একইসঙ্গে তিনি খোলসা করলেন, ধর্মেন্দ্রর মৃত্যু দেওল পরিবারের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব মিটিয়ে কীভাবে সবাইকে এক সুতোয় বেঁধেছে।

 

স্মৃতিচারণ করতে গিয়ে ববি বলেন, “এমন অনেক দিন যায় যখন মনে হয়, কেন বাবার পাশে আর একটু বেশি সময় বসলাম না! কেন তাঁকে আরও অনেক প্রশ্ন করলাম না! এখন আমি বুঝতে পারি বক্স অফিস বা প্রশংসা কোনওটিই শেষ পর্যন্ত গুরুত্ব পায় না। আপনার ভালবাসার মানুষেরাই আসল সাফল্য। আমি আজও ইনস্টাগ্রামে বাবার রিলগুলো দেখি। মনে হয় তিনি সরাসরি আমার সঙ্গেই কথা বলছেন।”

ধর্মেন্দ্রর দুই স্ত্রী এবং দুই পরিবারের মধ্যে দূরত্ব নিয়ে বলিপাড়ায় জল্পনার শেষ নেই। তবে ববি জানালেন, শোক তাঁদের সবাইকে কাছাকাছি নিয়ে এসেছে। হেমা মালিনীর দুই মেয়ে এষা ও অহনা প্রসঙ্গে ববি বলেন, “আমরা সবাই নিজস্ব উপায়ে এই শোক সামলানোর চেষ্টা করছি। কষ্টের সময় অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, কিন্তু সময় সব সারিয়ে দেয়। বাবার মৃত্যু আমাদের পরিবারকে একে অপরের আরও কাছে নিয়ে এসেছে। আমরা এখন সচেতনভাবে একে অপরের সঙ্গে সময় কাটাই।”


গত ২৪ নভেম্বর মুম্বইয়ের বাসভবনে ৮৯ বছর বয়সে প্রয়াত হন ধর্মেন্দ্র। এ বছর তাঁকে মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। বছরের শুরুতে মুক্তি পাওয়া তাঁর শেষ ছবি ‘ইক্কিস’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এমনকি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস -এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগেও শ্রদ্ধা জানানো হয়েছে এই কিংবদন্তিকে। তবে অস্কারের মঞ্চে তাঁকে সেভাবে উল্লেখ না করায় নেটপাড়ায় ক্ষোভ তৈরি হয়েছিল, যদিও পরে অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে ধর্মেন্দ্র ও মনোজ কুমারের নাম সসম্মানে নথিভুক্ত করা হয়।