বড়পর্দায় নতুন অবতারে ফিরছেন বিজেপি বিধায়ক, অভিনেত্রী পাপিয়া অধিকারী। কৃষ্টি ক্রিয়েশান নিবেদিত ও পাপিয়া অধিকারী অভিনীত ছবি 'নবদুর্গা'র বিশেষ প্রদর্শনী হতে চলেছে আগামী ২৪ জুলাই শুক্রবার নন্দন ৩ এ। 

পুরাণ অনুযায়ী, দেবী পার্বতীর নয় রূপ বৈচিত্রময়। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মন্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী দেবী এই ন'টি রূপে বিভিন্ন সময়ে আবির্ভূতা হন। কখনও সংহাররূপিনী অসুরনাশিনী, আবার কন্যারূপিনী মাতৃরূপিনী, আবার তিনিই আদি সনাতনী। সর্বত্র বর্ণিত পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি 'নবদূর্গা মাতৃরূপেন সংস্থিতা।' এই ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন সত্যব্রত। এই ছবির প্রযোজনায় কৃষ্টি ক্রিয়েশন।

এই ছবির মুখ্য ভূমিকায় পাপিয়া অধিকারী। ছবির সঙ্গীত পরিচালনায় কুন্দন সাহা ও শ্বেতা গুপ্ত। কণ্ঠে অনুপ জলোটা, পণ্ডিত তুষার দত্ত, রিয়া ও নীলিমা। স্তোত্র পাঠ করেছেন শুভ দাশগুপ্ত, অর্পণ কুমার শর্মা, নিবেদিতা সেন, বিল্লদল চ্যাটার্জি।

এই ছবি ২৪ জুলাই নন্দনে মুক্তি পাচ্ছে। তার আগে প্রকাশ্যে দুর্গা রূপে পাপিয়া অধিকারীর ঝলক। যদিও তাঁকেই দুর্গার ন'টি রূপে দেখা যাবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। নতুন রূপে পর্দায় ফিরছেন বিজেপি বিধায়ক, তাই আয়োজন আরও রমরমিয়ে চলছে।

প্রসঙ্গত, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছর ধরে চলে আসা পরিচালক বনাম টেকনিশিয়ানদের রক্তক্ষয়ী লড়াইয়ের ইতিহাস কারোর অজানা নয়। ফেডারেশনের তৎকালীন দাপুটে সভাপতি স্বরূপ বিশ্বাস -এর অঙ্গুলিহেলনে যেভাবে একের পর এক প্রথম সারির পরিচালককে কোণঠাসা করা হয়েছিল, টেকনিশিয়ানদের দিয়ে ‘ফরমান’ জারি করিয়ে কাজ বন্ধ করা হয়েছিল— তাতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন প্রযোজকেরা। স্বরূপ বিশ্বাসের সেই ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে মাথা নোয়াতে না চাওয়ায় বহু পরিচালক টলিউডে ব্রাত্য হয়ে গিয়েছিলেন, হারিয়েছিলেন কাজ। এমনকী, প্রায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল পরিচালকদের অন্যতম প্রধান সংগঠন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’ (DAEI)-কে।

স্বরূপ বিশ্বাসের ক্রমাগত মানসিক চাপ, কাজের ক্ষেত্রে নোংরা রাজনীতি এবং ‘ব্ল্যাকমেল’-এর ভয়ে একসময় যে সমস্ত স্বাধীনচেতা পরিচালক ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন, পাপিয়া অধিকারী ক্ষমতায় আসার পর তাঁদের সবাইকে আবার সসম্মানে নিজেদের পুরনো গিল্ডে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।