বলিউড আর ফুটবলের জগতের যোগসূত্র মাঝে মাঝেই খবরের শিরোনামে আসে। কিন্তু ২০০৭ সালে যখন বিপাশা বসুর সঙ্গে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল, তখন তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় বিপাশা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে ছিলেন, তাই এই ভাইরাল ছবিটি ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়।

মূলত ২০০৭ সালে পর্তুগালের লিসবনে একটি অনুষ্ঠানে বিপাশা বলিউডের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। সেখানেই রোনাল্ডোর সঙ্গে তাঁর আলাপ হয়। অনুষ্ঠানের পরে আয়োজিত একটি পার্টিতে রোনাল্ডোর সঙ্গে তাঁকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল। সেই পার্টির একটি ছবিতেই রোনাল্ডোকে বিপাশাকে চুমু খেতে দেখা যায়, যা মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। জন আব্রাহামের সঙ্গে বিপাশার সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তখন বিস্তর আলোচনা শুরু হয়।

পরবর্তীকালে ‘আপ কি আদালত’ রিয়্যালিটি শো-এর মঞ্চে এই বিষয়ে মুখ খোলেন এই বাঙালি অভিনেত্রী। বিপাশা স্পষ্টভাবে জানান, তিনি রোনাল্ডোর অনুরাগী ছিলেন এবং এখনও আছেন। সেই সময় রোনাল্ডো লম্বা হওয়ার কারণে কথা বলার সুবিধার্থে তাঁর দিকে বারবার ঝুঁকে আসছিলেন, যা সাধারণ মানুষকে অন্যরকম বার্তা দিয়েছিল। বিপাশা বলেন, “আমি রোনাল্ডোর একজন বড় ফ্যান ছিলাম। ওই অনুষ্ঠানে দেখা হওয়ার পর আমরা ক্লাবিংয়ে গিয়েছিলাম। তিনি একজন বন্ধু এবং আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই তৈরি হয়েছিল।”

প্রসঙ্গত, রোনাল্ডো ও বিপাশার এই ঘটনাটি দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। যদিও জন ও বিপাশার সম্পর্কে সাময়িক তিক্ততা তৈরি হয়েছিল, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। যদিও কয়েক বছর পরে ব্যক্তিগত কারণে জন ও বিপাশা বিচ্ছেদের পথে হাঁটেন।