সাতের দশকের বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী বিন্দু। তিনি দর্শকের কাছে তাঁর সাহসী চরিত্রের জন্য পরিচিত ছিলেন, সম্প্রতি উঠে এসেছে তাঁর একটি শুটিংয়ের অভিজ্ঞতার কথা। যশ চোপড়ার বিখ্যাত ছবি 'যোশিলা' (১৯৭৩)-এর সেটে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিনি।

ঘটনাটি ছিল বিকিনি পরা নিয়ে। বিন্দু জানিয়েছেন, শুটিংয়ের দিন সেটে পৌঁছেই তিনি জানতে পারেন তাঁকে একটি বিকিনি দৃশ্যে অভিনয় করতে হবে। এই বিষয়ে আগে থেকে তাঁকে কিছুই জানানো হয়নি। দৃশ্যটি সম্পর্কে আগে থেকে কোনও ধারণা না থাকায় তিনি অস্বস্তিতে পড়েন এবং সরাসরি শুটিং করতে অস্বীকার করেন ।এই কারণে প্রায় দু'ঘণ্টা শুটিং বন্ধ ছিল।

বিন্দু স্মৃতিচারণ করে বলেন, "আমি যশজিকে বলেছিলাম, আপনি আমাকে আগে কিছুই জানাননি, আমি সেটে আসার পর বিষয়টি জানতে পারি।" বিন্দুর এই অস্বস্তির কথা বুঝতে পেরে পরিচালক যশ চোপড়া অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দেন। তিনি দৃশ্যটি এমনভাবে পরিকল্পনা করেন যাতে বিন্দুর স্বাচ্ছন্দ্য বজায় থাকে।

যশ চোপড়া পরামর্শ দেন, বিন্দুর দেহের অধিকাংশ অংশ জলের নিচে রেখে ক্যামেরা অ্যাঙ্গেল এমনভাবে সেট করা হবে যাতে কেবল পাশ বা পিছন থেকে শট নেওয়া হয়। ছবির প্রধান অভিনেতা দেব আনন্দ সেই সময়ে কোনও মন্তব্য না করে শান্তভাবে সবটা দেখছিলেন। অবশেষে চিত্রগ্রাহক ফালি মিস্ত্রির আশ্বাসে বিন্দু শট দিতে রাজি হন। ফালিজি তাঁকে বলেছিলেন, দৃশ্যটি অশ্লীল নয়, বরং সুন্দর দেখাবে। 

প্রসঙ্গত, ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত 'যোশিলা' ছবিতে দেব আনন্দ, হেমা মালিনী এবং রাখীর পাশাপাশি বিন্দু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছিল দার্জিলিংয়ের মনোরম পরিবেশে।