টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

শাহরুখের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে 


বলিউডের বাদশা শাহরুখ খানের স্বপ্নের বাড়ি 'মন্নত'। সেই স্বপ্নের বাড়ি ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল আইনি জটিলতা। অবশেষে সেই জটিলতার অবসান ঘটল।  মন্নতে আরও দুটি আবাসিক তলা নির্মাণের জন্য যে কোস্টাল রেগুলেশন জোন (CRZ)-এর ছাড়পত্র দেওয়া হয়েছিল, সেটিকেই চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বইয়ের এক সমাজকর্মী। তাঁর অভিযোগ ছিল, প্রয়োজনীয় পরিবেশগত ও আইনি নিয়ম যথাযথভাবে মানা হয়নি। তবে এর আগেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) সেই আবেদন খারিজ করে দেয়। এবার সেই সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

শুনানির সময় আবেদনকারীর আইনজীবী দাবি করেন, বিষয়টি বিশদে খতিয়ে দেখা প্রয়োজন। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কোনও ব্যক্তির জনপ্রিয়তা বা তারকা পরিচয়ের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেয় না। আদালতের পর্যবেক্ষণ, প্রযোজ্য আইন মেনে যদি কোনও ব্যক্তি নিজের বাড়িতে সংস্কার বা অতিরিক্ত তলা নির্মাণ করতে চান, তাহলে তাতে অযথা হস্তক্ষেপের কারণ নেই। একই সঙ্গে আবেদনকারীর উদ্দেশ্য নিয়েও আদালত প্রশ্ন তোলে।


অংশুলার বিয়েতে 'রেহমান ডাকাইত'

বলিউডে 'ধুরন্ধর' ছবির সাফল্যের পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল অভিনেতা অক্ষয় খান্নাকে। প্রযোজক বনি কাপুরের মেয়ে অংশুলা কাপুরের বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নজর কেড়েছেন অক্ষয়। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাঁকে। ছবিগুলি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ অক্ষয়ের নতুন লুকের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই মজার ছলে তাঁকে 'রেহমান ডাকাত'-এর সঙ্গে তুলনা করেছেন। কেউ লিখেছেন, “অক্ষয় খান্না যেন বয়সকে হার মানিয়েছেন”, আবার কারও মতে, তাঁর উপস্থিতিই অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল। অংশুলা কাপুরের বিয়ের ছবিতে অক্ষয়ের এই ঝলক এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

ধর্মীয় বিশ্বাস নিয়ে মুখ খুললেন অন্নু কাপুর 

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর সম্প্রতি নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে মুখ খুলে নতুন করে আলোচনায় এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, তিনি নিজেকে নাস্তিক বলে মনে করেন। তবে নাস্তিক হওয়ার অর্থ এই নয় যে তিনি কোনও ধর্মকে অসম্মান করেন। অন্নু কাপুরের কথায়, তিনি কোনও নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসে আস্থা রাখেন না, কিন্তু সব ধর্ম, তাদের অনুসারী এবং সংস্কৃতিকে সমানভাবে শ্রদ্ধা করেন। তাঁর মতে, প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করার অধিকার রয়েছে এবং সেই বিশ্বাসকে সম্মান করা উচিত। অভিনেতার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। অন্নু কাপুরের বক্তব্যে স্পষ্ট, মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু পারস্পরিক সম্মানই সমাজে সহাবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।