বক্স অফিসে ‘ভূত বাংলা’-র ভুতুড়ে হাসি যেন থামছেই না! মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের এই হরর-কমেডি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এল বড় আপডেট। শোনা যাচ্ছে, প্রযোজক একতা কাপুর ইতিমধ্যেই এই ছবিকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ‘ভূত বাংলা ২’-এর সম্ভাবনা এখন জোরালো।
অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন মানেই ম্যাজিক। গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও, পারিবারিক বিনোদন হিসেবে এটি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছে। আর সেই সাফল্যের জোয়ারে ভর করেই এবার সিক্যুয়েলের পথে হাঁটছে নির্মাতারা। সূত্র অনুযায়ী, প্রযোজক একতা কাপুর এই ছবিকে একটি পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজি করার পরিকল্পনা করছেন। ‘ভূত বাংলা’-র বক্স অফিস পারফরম্যান্স এককথায় অনবদ্য। প্রথম সোমবার পর্যন্ত ভারতে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ৬৪.৭৫ কোটি টাকা। শুধু তাই নয়, বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। স্যাকনিল্ক -এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী এর মোট আয় এখন ১০৬.৩৪ কোটি টাকা।
পারিবারিক আবহে তৈরি এই হরর-কমেডি যেভাবে দর্শকদের হলে টেনেছে, তাতেই উৎসাহিত প্রযোজক মহল। একতা কাপুরের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “পরিবারগুলো যেভাবে ছবিটিকে ভালোবেসেছে, তাতে ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। এটি খুব এক্সাইটিং একটি স্পেস, তাই সিক্যুয়েল এখন স্রেফ সময়ের অপেক্ষা।”
হরর-কমেডি ঘরানা বর্তমানে বক্স অফিসে গোল্ডমাইন হিসেবে পরিচিত। অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির এর আগের সৃষ্টি ‘ভুল ভুলাইয়া’ কীভাবে একটি বিশাল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছিল, তা কারও অজানা নয়। যদিও পরের দিকগুলোতে কাস্ট বদলেছিল, তবুও সিরিজের জনপ্রিয়তা কমেনি। একতা কাপুরও ঠিক সেই পথেই ‘ভূত বাংলা’-কে একটি স্থায়ী ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে তুলতে চাইছেন। ছবির কাস্টেও ছিল একঝাঁক তারকা—অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন প্রয়াত অভিনেতা আসরানি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, যিশু সেনগুপ্ত, টাবু, ওয়ামিকা গাব্বি এবং মিথিলা পালেকর।
এখন দেখার পালা, ‘ভূত বাংলা ২’-এর ঘোষণা কবে আসে এবং প্রথম পার্টের মতোই এটি দর্শকদের ভয় আর হাসির মোড়কে কতটা চমকে দিতে পারে!















