বলিউডে ফের জমাতে চলেছে এক পুরনো, পরীক্ষিত জুটি। পরিচালক প্রিয়দর্শন এবং অভিনেতা অক্ষয় কুমার—যাঁদের একসঙ্গে নাম শুনলেই বহু দর্শকের মনে ভেসে ওঠে একের পর এক কাল্ট কমেডির স্মৃতি। দীর্ঘ প্রায় ১৪ বছর পর আবারও তাঁরা হাত মিলিয়েছেন নতুন ছবি 'ভূত বাংলা'তে-তে। আর মুক্তির আগেই এই হরর-কমেডি ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন।

ছবিটি এখনও প্রেক্ষাগৃহে আসেনি, কিন্তু প্রযোজনা সংস্থার অন্দরের খবর, এডিট টেবিলেই নাকি শুরু হয়ে গেছে হাসির তাণ্ডব। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, দৃশ্য দেখার সময় নিজেরাই হাসি চেপে রাখতে পারছেন না টিমের সদস্যরা।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবির একটি বিশেষ দৃশ্যের অংশ এডিট করার সময় প্রযোজক একতা কাপুর -সহ গোটা টিম আচমকাই হেসে লুটোপুটি খাওয়া শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কাজই প্রায় থামিয়ে দিতে হয়। প্রায় আধঘণ্টা ধরে শুধু হাসির রেশ কাটানোর পরেই আবার কাজে ফেরেন তাঁরা।

শুধু একবার নয়, এমন ঘটনা নাকি এডিট রুমে বারবার ঘটছে। নতুন কোনও কাট চালানো হলেই শুরু হয়ে যাচ্ছে হাসির রোল। উপস্থিতদের কথায়, ছবিতে কমেডির ছন্দ এতটাই ধারালো যে, অনেক সময় সেসব দৃশ্য দেখে ছবির কলাকুশলীরাও নিজেরাই কাজ চালিয়ে যেতে পারছেন না।

প্রযোজনা সূত্রের এক সদস্যের কথায়, “প্রিয়দর্শনের চিত্রনাট্যের সেই চিরাচরিত কমিক টাইমিং, অক্ষয় কুমারের ভয়ঙ্কর দুষ্টুমি আর বাকি অভিনেতাদের অদ্ভুত সব প্রতিক্রিয়া, সব মিলিয়ে ছবিতে তৈরি হয়েছে একেবারে বিশুদ্ধ কমেডির বিশৃঙ্খলা। যাঁরা এডিট রুমে ছবিটা দেখেছেন, তাঁদের মতে এটা যেন একেবারে পুরনো দিনের প্রিয়দর্শন স্টাইলের কমেডির প্রত্যাবর্তন।”

আসলে এই জুটির ইতিহাসই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার অতীতে একাধিক স্মরণীয় কমেডি উপহার দিয়েছেন দর্শকদের। তাই এত বছর পর তাঁদের ফের একসঙ্গে দেখা স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

এই ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল, টাবু এবং রাজপাল যাদব। শক্তিশালী এই তারকা-সমাবেশও ছবির প্রতি আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।

ভূত বাংলা প্রযোজনা করছে বালাজি মোশন পিকচার্স, যা বালাজি টেলিফিল্মস-এর একটি শাখা। সহযোগিতায় রয়েছে কেপ অফ গুড ফিল্মস। ছবির প্রযোজক হিসেবে রয়েছেন অক্ষয় কুমার, শোভা কাপুর এবং একতা কাপুর।

সব ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল ২০২৬-এ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। তবে তার আগেই বলিউডের অন্দরে যে হাসির ঢেউ তুলেছে ভূত বাংলা, তা স্পষ্ট করে দিচ্ছে—প্রিয়দর্শনের পুরনো কমেডির ম্যাজিক হয়তো আবারও ফিরতে চলেছে সিনেমা হলে।