টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ, কৌতুক শিল্পী ভারতী সিং-কে নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। তবে এবার কোনও হাস্যকৌতুক নয়, বরং এবার চরম জালিয়াতির শিকার হয়েছেন তিনি। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'এআই' প্রযুক্তি ব্যবহার করে ভারতীর কণ্ঠস্বর নকল করে ওজন কমানোর একটি ভুয়ো ওষুধের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী অনুরাগীদের সতর্ক করতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন।
ভারতী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি 'স্লিমিং প্রোডাক্ট' বা ওজন কমানোর পানীয়র গুণগান করছেন। কিন্তু আসল সত্যি হল, ভারতী এই ধরণের কোনও বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত নন। প্রতারকরা অত্যন্ত নিখুঁতভাবে তাঁর গলার স্বর এবং কথা বলার ভঙ্গি নকল করে এই ভিডিওটি তৈরি করেছে, যা সাধারণ মানুষের পক্ষে আসল না নকল তা বোঝা প্রায় অসম্ভব।
ভারতী লেখেন, 'আমার নামে এই জালিয়াতি করা হচ্ছে। প্রতিদিন সকালে মানুষ আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেন, ভারতীজি, এটা কি সত্যি? এটা কি সত্যিই রোগা করে? আপনি কি এটা ব্যবহার করেছেন? আপনি কি এই কোম্পানিকে চেনেন? আমি আপনাদের জানাতে চাই যে, আমি এই কোম্পানিকে একেবারেই চিনি না। এটি একটা জালিয়াতি।"
তিনি আরও বলেন যে, তাঁর অনুমতি না নিয়েই তাঁর নাম ব্যবহার করা হয়েছে। এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তাঁর কণ্ঠস্বর পরিবর্তন করে প্রচার করা হচ্ছে।
ভারতী সিং আরও লেখেন, 'সবাই যখন আমাকে ভিডিওগুলো পাঠাতে শুরু করল, তখন আমি নিজেই এই বিষয়ে জানতে পারি। তাঁরা আমাকে এতটাই বিশ্বাস করেন যে, কেনার আগে আমাকে জিজ্ঞেস করছেন এটি সত্যি কি না। কিন্তু না, এটি একটি স্ক্যাম। আমি জানি না এরা কারা।' ভারতী পরিষ্কারভাবে জানিয়েছেন যে বিজ্ঞাপনে শোনা যাওয়া কণ্ঠস্বরটি তাঁর নয় এবং তিনি অনুরাগীদের এই প্রতারণামূলক প্রচারণার ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, 'লাফটার শেফস আনলিমিটেড এন্টারটেনমেন্ট' রিয়্যালিটি শো-এ সঞ্চালনায় দেখা যাচ্ছে ভারতীকে। দ্বিতীয় সন্তান কাজুর জন্মের পরেই আবার শুটিং ফ্লোরে ফিরেছেন তিনি।
