দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছে ‘ভালবাসার রং রুট’। বদলে যাচ্ছে ধারাবাহিকের গল্পের ধারা, সেই সঙ্গে পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়ও। 

সান বাংলায় দেখা যায় ‘ভালবাসার রং রুট’। আগামী ১৫ জুলাই থেকে, প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে ধারাবাহিকটি দেখতে পাবেন দর্শকেরা। অন্যদিকে, নতুন অধ্যায়ে জীবিকার তাগিদে নিজেদের বৈবাহিক পরিচয় গোপন করে এক ধনী পরিবারে কাজ নেবে রূপাই ও রেহান। ভুয়ো পরিচয়ের আড়ালে শুরু হবে তাঁদের নতুন লড়াই। একইসঙ্গে এই ধারাবাহিকে আগামী পর্বে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। 

চাকরির অভাবে দিশেহারা রূপাই ও রেহান আলাদা আলাদাভাবে একটি ধনী পরিবারের দেওয়া চাকরির বিজ্ঞাপনে আবেদন করেন। পরিবারের কর্তা তাঁর নাতির জন্য ড্রাইভার এবং নাতনির জন্য নার্স খুঁজছেন। তবে শর্ত একটাই, প্রার্থীদের অবিবাহিত হতে হবে। সংসারের কথা ভেবে স্বামী-স্ত্রী হয়েও তাঁরা নিজেদের পরিচয় গোপন করে ভুয়ো নামে ওই বাড়িতে কাজ শুরু করেন।

নতুন পরিবেশে তাঁদের জীবন আরও জটিল হয়ে ওঠে। পরিবারের আদুরে, বখাটে নাতি রূপাইয়ের প্রতি অযাচিত ঘনিষ্ঠতা দেখাতে শুরু করে। অন্যদিকে, মারণব্যাধিতে আক্রান্ত শান্ত স্বভাবের নাতনি রেহানের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ফলে এক ছাদের তলায় থেকেও রূপাই ও রেহানকে নানাভাবে নিজেদের সম্পর্ক আড়াল করে চলতে হয়।

এই নতুন পরিস্থিতি তাঁদের দাম্পত্যে দূরত্ব তৈরি করবে, নাকি সমস্ত বাধা পেরিয়ে তাঁদের ভালবাসা আরও গভীর হবে, সেই উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে। নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং আগের চেয়ে আরও বেশি আবেগ ও নাটক নিয়ে ফিরছে ‘ভালবাসার রং রুট’।