রীতেশ দেশমুখ অভিনীত নতুন মারাঠি ছবি 'রাজা শিবাজী' বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। ইতিমধ্যেই ছবিটি ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রীতেশ দেশমুখ নিজে। তাঁর মা রাজমাতা জিজাবাইয়ের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী ভাগ্যশ্রীকে। গল্পের অনেকখানি জুড়ে ফুটে উঠেছে শিবাজীর জীবনে তাঁর অবদানের কথা। ফলে 'রাজা শিবাজী' ছবিটিতে ভাগ্যশ্রী অভিনীত চরিত্রটি যে বেশ গুরুত্বপূর্ণ ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু জানেন কি ভাগ্যশ্রী আদতে রীতেশ দেশমুখের থেকে বছর ১০ -এর ছোট। তারপরও তিনি তাঁর মায়ের চরিত্রে অভিনয় করায় বিস্তর কটাক্ষের মুখে পড়েছেন। বয়সে এতটা ছোট হয়েও ভাগ্যশ্রী কেন রীতেশ দেশমুখের মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হলেন, সেটাই এদিন জানালেন। 

এদিন 'রাজা শিবাজী' ছবিতে জিজাবাইয়ের চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে ভাগ্যশ্রী বলেন, 'যে চরিত্রের বিষয়ে অনেক গল্প শুনেছেন আপনি, সেই চরিত্রের অফার এলে সেটাকে ফিরিয়ে দেওয়া যায় না। না বলার প্রশ্নই ওঠে না। তাছাড়া জিজাবাই অনেক অল্প বয়সে মা হয়েছিলেন। সন্তোষ শিবান স্যার আমায় ডেকে বলেছিলেন, তোমায় এখনও কী অল্পবয়সী লাগে। কিন্তু দুঃখিত আমায় ক্যামেরার সাহায্যে তোমায় বৃদ্ধ দেখাতে হবে। ওঁর বলা ওই কথা আমি আমার মনে রেখে দিয়েছি। উনি সিনেমাটোগ্রাফির মায়েস্ট্রো। তাঁর বলা কথা আমার কাছে গুরুত্বপূর্ণ।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, জিজাবাইয়ের মতো, ভাগ্যশ্রীও মহারাষ্ট্রের সংলির পটবর্ধন রাজপরিবারের সদস্যা। সংলির রাজা হলেন ভাগ্যশ্রীর বাবা, বিজয় সিংহরাও মাধবরাও পটবর্ধন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'রাজা শিবাজী' ছবিটির পরিচালনা করছেন এবং লিখেছেন রীতেশ দেশমুখ। ছবিটির সহপ্রযোজনার দায়িত্ব সামলেছেন জেনেলিয়া ডিসুজা। জ্যোতি দেশপাণ্ডে অন্যতম প্রযোজক ছিলেন ছবিটির। মুম্বই ফিল্ম কোম্পানি এবং জিও স্টুডিওজ যুগ্ম ভাবে প্রযোজনা করেছে ছবিটির। রাজা শিবাজী ছবিটিতে ভাগ্যশ্রী এবং রীতেশ দেশমুখ ছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন, ফারদিন খান, জেনেলিয়া ডিসুজা , সঞ্জয় দত্ত, প্রমুখ।

প্রসঙ্গত, ভাগ্যশ্রী বলিউডে ১৯৮৯ সালে 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির হাত ধরে পা রাখেন। আর সলমন খানের সঙ্গে করা প্রথম ছবিই সুপারহিট। এরপর তিনি হিমালয় দাসানিকে বিয়ে করে আর কয়েকটি ছবি করেই বলিউড থেকে সরে যান। পুনরায় ২০০৩ সাল থেকে কাজ করা শুরু করেন। :মা সন্তোষী মা', 'রেড অ্যালার্ট', ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন তিনি। 

">