নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় ফিরছেন অনুরাগীদের প্রিয় 'ডোডোদা'। কিন্তু এবার অন্য রূপে। কালার্স বাংলার টেলি সিরিজে দেখা যাবে অর্পণ ঘোষালকে। পরিচালনায় অভিমন্যু মুখোপাধ্যায়। সূত্রের খবর এই টেলি সিরিজের নাম হতে চলেছে 'দেবী নিয়ে কাণ্ড হেবি'। এইবার অর্পণের সঙ্গে নায়িকা হিসাবে দেখা যেতে চলেছে অভিনেত্রী শ্রীতমা দেকে।
উত্তর কলকাতার একটি পাড়া আর সেই পাড়ার একটি বাড়িকে কেন্দ্র করে এগোবে গল্প। জমজমাট মজা, হইহুল্লোড় আর মিষ্টি প্রেম ঘিরে ভিন্ন স্বাদের গল্প বলবে এই টেলি সিরিজ। সূত্রের খবর, এই টেলি সিরিজে দেখা যেতে চলেছে অভিনেতা কাঞ্চন মল্লিককেও। বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন তিনি। সম্ভবত এই গল্পের খাতিরে বাড়ানো হবে তাঁর চরিত্রের বয়সও।
এই টেলি সিরিজের মাধ্যমে প্রথমবার জুটি হিসাবে দেখা যেতে চলেছে অর্পণ ও শ্রীতমাকে। এর আগে সায়ন বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'দোআঁশ' ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল শ্রীতমাকে। অন্যদিকে 'হইচই'-এর 'পরিণীতা'য় দর্শক শেষ দেখেছিলেন অর্পণকে। এইবার নতুন ভূমিকায় এই দুই নায়ক নায়িকাকে দেখার জন্য উৎসাহিত তাঁদের অনুরাগী মহল।
বর্তমানে চলছে জোরকদমে শুটিং। চলতি বছরের শেষেই কালার্স বাংলায় সম্প্রচারিত হবে এই টেলি সিরিজ।
















