ভোটের গণণা শেষ হওয়ার আগেই গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।  এবার তাঁর অফিশিয়াল ফেসবুক পেজও খুঁজে পাওয়া যাচ্ছে না৷ প্রযুক্তিগত সমস্যা না কি ফেসবুক থেকে বিদায়? সেই বিষয় চলছে জোর জল্পনা৷

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচনের লড়াইতে নেমেছিলেন রাজ চক্রবর্তী। জয়ের বিষয় ছিলেন আশাবাদী৷ বলেছিলেন ৪ ঠা মে প্রলয় ৩ হবে৷ কিন্তু ফলাফল ঘোষণার আগেই রাজের জীবনে ঘটল প্রলয়।  

বিমর্ষ রাজকে দেখতে পেয়েই বিরোধী শিবির থেকে স্লোগান দেওয়া হয়৷ এমনকি কাদা ছুড়ে মারা হয় রাজকে৷ তৃণমূল কর্মী সমর্থকেরা রাজকে ঘিরে রাখলেও রাজের সাদা পাঞ্জাবিতে কাদা লাগে৷ মাথা নীচু করে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান রাজ চক্রবর্তী।  

পরিচালকের ঘনিষ্ঠরা বলেন রাজ দক্ষ সংগঠক৷ সকলকে নিয়ে চলতে পছন্দ করেন৷ প্রচারেও ছিল সেই ঝলক। কখনও সেল্ফি তুলে কখনও আবার ভোটের ফলাফল প্রসঙ্গে প্রলয় ৩ হবে বলে রাজকীয় কায়দায় প্রচার সেরেছিলেন রাজ৷ এমনকি ভোটের দিনও বুথে না গিয়ে ক্যারাম খেলতে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তীকে৷ সিনেমা থেকে বাজনীতি সর্বত্র চ্যালেঞ্জ নিয়েছেন রাজ। রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ নিলেও ধাক্কা খেলেন পরিচালক৷