বন্ধ হওয়ার এক মাসের মধ্যেই ফিরছে টিআরপি? টেলিভিশন রেটিং পয়েন্ট (TRP) নিয়ে চলমান আইনি জট কাটল। কেরল হাই কোর্ট কেন্দ্রের আনা 'টেলিভিশন রেটিং পলিসি, ২০২৬'-এর উপর থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক (BARC)-এর নিয়মিত সাপ্তাহিক টেলিভিশন রেটিং প্রকাশে আর কোনওরকম আইনি বাধা রইল না।
জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই নতুন নিয়মে সাপ্তাহিক রেটিং প্রকাশ শুরু করতে চলেছে তারা। মূলত বিরোধের কেন্দ্রবিন্দুতে ছিল 'ল্যান্ডিং পেজ' বা সেট-টপ বক্স অন করার সঙ্গে সঙ্গেই ডিফল্ট হিসেবে যে চ্যানেলটি স্ক্রিনে ভেসে ওঠে, তার ভিউয়ারশিপ। এতদিন এই ল্যান্ডিং পেজ থেকে পাওয়া ভিউয়ারশিপও টিআরপিতে যোগ হত। কিন্তু কেন্দ্রের নতুন নীতি অনুযায়ী, কোনও জোরপূর্বক বা স্বয়ংক্রিয় ভিউয়ারশিপ আর টিআরপির অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ দর্শকরা স্বেচ্ছায় যে চ্যানেল দেখবেন, কেবল সেই আসল পছন্দকেই রেটিং তালিকায় গুরুত্ব দেওয়া হবে।
কেন্দ্র সরকার এবং বার্ক আদালতের কাছে জানায় যে, ল্যান্ডিং পেজের মাধ্যমে ভিউয়ারশিপ কৃত্রিমভাবে দেখানো হয়, যা আসল দর্শকের প্রকৃত পছন্দকে প্রতিফলিত করে না। অন্যদিকে, অল ইন্ডিয়া ডিজিটাল কেবল ফেডারেশন (AIDCF) এবং ডেম নেটওয়ার্কস এর বিরুদ্ধে আপিল করে অভিযোগ তুলেছিল যে এই নিয়ম বাণিজ্যিক অধিকারে হস্তক্ষেপ করছে। তবে দীর্ঘ শুনানির পর হাই কোর্টের বিচারক বেচু কুরিয়ান থমাস অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নেওয়ার পক্ষে রায় দেন।
এই সিদ্ধান্তের ফলে টেলিভিশনের সম্প্রচার ও বিজ্ঞাপন বাজারে এক নতুন মোড় আসতে চলেছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সাপ্তাহিক রেটিং আবার শুরু হলে চ্যানেলগুলোর প্রতিযোগিতামূলক বাজার এবং বিজ্ঞাপনের হিসেবনিকেশে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।
















