সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ব্যাগে ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, সেই সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। যদিও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেন।
মাদককাণ্ডের বিষয়টি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। একটি পোস্ট করে পুরো ঘটনাটা ভিত্তিহীন বলে দাবি করেন ওপার বাংলার এই অভিনেত্রী। রবিবার তিনি সমাজমাধ্যমে লেখেন, 'কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে- যা একেবারেই কাম্য নয়।'
তিনি আরও লেখেন, 'নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
বিপদ যেন কাটছেই না মেহজাবীনের। গত বছরও আইনি জটিলতায় পড়েছিলেন তিনি। সেই সময় শোনা গিয়েছিল, তিনি নাকি ব্যবসায়িক ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সহ লগ্নিকারীর সঙ্গে টাকা নয় ছয় করা ছাড়াও তাঁকে হুমকি দেওয়া, ভয় দেখানোর অভিযোগও উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। আর সেই কারণেই মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ঢাকার আদালত। খবর রটতেই সেই সময়ও এই পুরো ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন অভিনেত্রী।
তখন সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, 'একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতিমধ্যেই আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন যাতে এসব গুজব ও মিথ্যা প্রচার বন্ধ হয়। ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে সেটাও দেখা হবে।'
তিনি আরও লিখেছিলেন, 'আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও পরিচিতজনদের বলব আপনাদের ভালবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
