তথাকথিত পুরুষশাসিত সমাজের মাঝে নারীর উত্থান অনেকসময় 'চক্ষুশূল' হয় ঠিকই। কিন্তু পিছিয়ে না পড়ে মনের জোরে টিকে থাকার লড়াইয়ে নারীরা বরাবরই পারদর্শী। তবে চোখের সামনে এমন ঘটনা যতটা না মনে ধরে, তার চেয়ে ঢের বেশি মন কাড়ে পর্দায় দেখানো জায়গাঁথা। এক সাধারণ মহিলা কনস্টেবলের জীবনে মোড় ঘোরানো এক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক ওয়েব সিরিজ। অম্লান মজুমদারের পরিচালনায় আসছে এই সিরিজ। আপাতত প্রযোজনা সংস্থা এর নাম দিয়েছে 'দেবী'। 

মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী আভেরী সিংহ রায়কে। মহিলা কনস্টেবলের ভূমিকায় এই প্রথম দর্শক পেতে চলেছেন তাঁকে। আভেরী ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরিন্দম গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য ও সাগরিকা রায়। এছাড়াও থাকবেন বহু নতুন মুখ। সূত্রের খবর, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। টলিপাড়ার অন্দরের খবর, বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।

গল্প এগোবে এক খুনের ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ অফিসাররা যেখানে এই মামলাকে একেবারে গুরুত্বই দিচ্ছেন না সেখানে ওই মহিলা কনস্টেবলের মনে সন্দেহ জাগে। সে একাই তদন্ত করবে বলে ঠিক করে। কিন্তু মনের জোর বারবার ভেঙে দেয় বাকি পুরুষ অফিসাররা। তাই সে জেদ ধরে বসে, এই খুনের কিনারা করবেই। শেষমেশ কি নারীশক্তির জয় হবে? সেই উত্তর দিতে আসছে 'দেবী'।

টলিপাড়ায় এখন বদলাচ্ছে গল্প বলার চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট থ্রিলার। কিন্তু শুধুই রহস্য সমাধানের উপর টিকে থাকে না দর্শকের আকর্ষণ। গল্পের আঁটসাঁট বাঁধনে অভিনেতা-অভিনেত্রীদের ছকভাঙা অভিনয় মন কেড়ে নেয় দর্শকের। বাংলায় মহিলা গোয়েন্দাদের তেমন একটা রমরমা নেই বললেই চলে। কিন্তু এই সিরিজের হাত ধরে রহস্য সমাধানে নতুন দিক কীভাবে উন্মোচন করে 'দেবী' এখন সেটাই দেখার।