৯২-এ না ফেরার দেশে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনদের চোখে জল আসতে বাধ্য। তাঁর প্রিয় আশাআই-এর সঙ্গে বেশ কিছু অদেখা পুরনো ছবি পোস্ট করেছেন। শনিবার সন্ধ্যায় তিনি আবারও ইনস্টাগ্রামে তাঁর ঠাকুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেশ কিছু হাসিখুশি ছবি ভাগ করে তিনি একটি আবেগঘন বার্তায় লেখেন যে, তিনি জানেন না কীভাবে ঠাকুমাকে ছাড়া এখন বেঁচে থাকবেন।
তিনি আরও জানান, তাঁর পরিবার প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে তাঁকে মনে করছেন। জনাই-এর পোস্টের একটি ছবিতে দেখা যাচ্ছে আশা তাঁর ছেলে আনন্দ এবং নাতনি জনাইয়ের সঙ্গে গান গাইছেন। অন্য একটি ছবিতে তাঁকে তাঁর নাতনিকে পরম আদরে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। শেষ ছবিটি সম্ভবত দিওয়ালির সময় তোলা, যেখানে তাঁকে প্রদীপ হাতে দেখা যাচ্ছে।
ছবিগুলোর সঙ্গে জনাই ক্যাপশনে লিখেছেন, 'অনেক ভাবনার পর আমি উপলব্ধি করলাম যে, তুমি আমাদের শিখিয়েছো কীভাবে বাঁচতে হয়, কিন্তু শেখাওনি তোমাকে ছাড়া কীভাবে থাকতে হয়...। আমাদের নেওয়া প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘণ্টায়, প্রতি মিনিটে তোমাকে মিস করি। কিন্তু আমি এটাও জানি যে তুমি আমার মধ্যেই বেঁচে আছেন। যতক্ষণ না আমি আবারও তোমাকে এভাবে নিজের বাহুডোরে ফিরে পাচ্ছি...।'
প্রসঙ্গত, জীবনের শেষ সময়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন আশা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছিল বর্ষীয়ান গায়িকার শারিরীক অবস্থার অবনতি হতেই তাঁকে তড়িঘড়ি আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসা করছিলেন। কিন্তু চেষ্টা বিফলে। না ফেরার দেশে আশা ভোঁসলে।
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। সুরের জাদুকরী আর নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া হাজার হাজার গান আগামী বহু শতক ধরে শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হবে।















