অভিনেত্রী অরুণিমা ঘোষকে দর্শক এতদিন বিভিন্ন ছবি, সিরিজে নানারকম চরিত্রে দেখেছেন। কখনও তিনি রহস্যে জড়িয়েছেন, কখনও আবার নিজেই রহস্য ছড়িয়েছেন। এবার তাঁকে দেখা যাবে পারিবারিক রাজনীতির প্রেক্ষাপটে।
বাংলা বিনোদন জগতে আসতে চলেছে এক নতুন মোড়। ওটিটি প্ল্যাটফর্মে এতদিন ছোট ফরম্যাটের সিরিজ দেখা গেলেও, এবার প্রথমবার তৈরি হতে চলেছে বাংলার প্রথম দীর্ঘ বা ‘এক্সটেন্ডেড’ ওয়েব সিরিজ। সায়ন্তন মুখার্জির পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে-তে আসছে ‘দ্য কুইন অফ বীরহানপুর’। গল্পের পরতে পরতে রহস্য, রোমাঞ্চ আর রাজনীতির টানাপোড়েন নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজটি। যার মুখ্য চরিত্রে রয়েছেন অরুণিমা।
গল্পের কেন্দ্রে রয়েছে পাকিজা রায় মোস্তাফি নামের একটি চরিত্র। প্রায় ১৫ বছর ইংল্যান্ডে কাটানোর পর পাকিজা যখন তার পৈতৃক গ্রাম বীরহানপুরে ফিরে আসে, তখন তাকে কেন্দ্র করে পরিবারের উচ্ছ্বাসের অন্ত ছিল না। পাকিজার মা, পার্বতী মোস্তাফি, মেয়ের বিয়ে ঠিক করে। কিন্তু সেই আনন্দের মুহূর্তই এক নিমেষে ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়। বিয়ের ঠিক আগের মুহূর্তে আততায়ীদের হাতে খুন হন পার্বতী। মায়ের এই আকস্মিক ও নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে পাকিজা আবিষ্কার করে এক অন্ধকার জগৎ।
তদন্ত করতে গিয়ে পাকিজা জানতে পারে, বাইরে থেকে সাধারণ গ্রাম মনে হলেও বীরহানপুর আসলে অনেক চক্রান্ত চলে। এই গ্রামে মাদকচক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। রাজনৈতিক ক্ষমতা, প্রতিদ্বন্দ্বী গ্যাং এবং পুরনো ষড়যন্ত্র—সব মিলিয়ে পাকিজা এমন এক গোলকধাঁধায় জড়িয়ে পড়ে, যেখানে আপনজনরাও কখন শত্রু হয়ে যায়, তা বোঝার উপায় নেই। নিজের পারিবারিক উত্তরাধিকারের আসল চেহারা এবং মায়ের হত্যার রহস্য উন্মোচন করতে গিয়ে পাকিজা কি পারবে নিজেকে রক্ষা করতে? উত্তর লুকিয়ে আছে সিরিজের প্রতিটি মোড়ে।
মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, অভিনেত্রী অরুণিমা ঘোষ, অনিন্দ্য চ্যাটার্জি, ওম সাহানি ও শান্তিলাল মুখার্জিকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়েছে এই সিরিজের শুটিং।
















