৪ এপ্রিল কলকাতার রিজেন্ট পার্ক থানায় ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল আর্টিস্টস ফোরাম। থানা থেকে বেরিয়েই সাংবাদিকদের কী জানালেন অভিনেতা, অভিনেত্রীরা?
এদিন রিজেন্ট পার্ক থানায় FIR করে বেরিয়ে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ''আমাদের অভিযোগ নিয়ে থানায় এসেছিলাম। আমাদের অভিযোগ থানায় জানিয়েছি। সুষ্ঠ তদন্তের দাবিতে FIR করেছি।'' কিন্তু অভিযোগ জানাতে এতক্ষণ লাগল কেন? তবে কি থানার তরফে অভিযোগ নিতে গড়িমসি করা হচ্ছিল? শান্তিলাল জানান, ''না না, কোনও গড়িমসি করেনি। এত বড় কাগজে সমস্তটা লিখতে হল তাই সময় লাগল।"
তালসারিতে কি অভিযোগ জানানো হবে? এই বিষয়ে আর্টিস্টস ফোরামের তরফে জানানো হয়, তাঁরা তাঁদের আইনজীবীর পরামর্শ অনুযায়ী চলছেন। এখন তাঁরা আবার মিটিংয়ে বসবেন। তারপর বাকিটা ঠিক করবেন।
প্রসঙ্গত, এদিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সুষ্ঠ এবং পূর্ণাঙ্গ বিচার চেয়ে পথে নেমেছে গোটা টলিউড। এদিন 'জাস্টিস ফর রাহুল' স্লোগানে রাজপথে নামছেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। ক'দিন ধরেই
সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। চার সংগঠনের আয়োজনে হচ্ছে এই মিছিল। চার সংগঠনের মধ্যে রয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন ওরফে ইম্পা, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স ওফ ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম ও ধারাবাহিকের প্রযোজক সংগঠন।
এদিন টেকনিশিয়ান স্টুডিওতে একজোট হয়েছেন বহু তারকা থেকে কলাকুশলীরা। রয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক রাণা সরকার, সৃজিত মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী, জিতু কামাল, দিব্যজ্যোতি দত্ত, ঋষি কৌশিক, লগ্নজিতা চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, জয়দীপ মুখার্জি, অরিন্দম শীলের মতো বহু তারকা। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত মিছিলে হাঁটা হবে।
গত ২৯ মার্চ শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে না ফেরার দেশে পাড়ি দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণের খবর একদিকে যেমন তাঁর অনুরাগী থেকে সহকর্মী, বন্ধুরা কেউ মানতে পারছেন না, তেমনই তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এবং সন্দেহ তৈরি হয়েছে।
















