গত বছরের শেষ প্রথম ভাগ এবং চলতি বছরের মার্চে দ্বিতীয় ভাগ মুক্তি পায় 'ধুরন্ধর' ছবিটির দু'টো ভাগ। বক্স অফিসে রীতিমত ঝড় তোলে আদিত্য ধর পরিচালিত এই ছবিটি। কেবল বক্স অফিসে নয়, দর্শকদের মধ্যেও দারুণ সাড়া ফেলে। এবার তার পরিণাম দেখা গেল শ্রীনগরে।
শ্রীনগরে, সেনাদের মেসে তৈরি করা হয়েছে 'ধুরন্ধর বার'। বলাই বাহুল্য, রণবীর সিংয়ের ছবির আদতে বানানো হয়েছে এই বার। সেখানে দেওয়াল জুড়ে রয়েছে ছবি খণ্ডচিত্র। রয়েছে ছবির পোস্টার। আর এই বারের ট্যুরের ছবি এবং ভিডিও এদিন সমাজমাধ্যমে পোস্ট করলেন 'ধুরন্ধর' ছবির অন্যতম অভিনেতা রাকেশ বেদি।
সম্প্রতি ইনস্টাগ্রামে রাকেশ বেদি এই 'ধুরন্ধর' বারের একাধিক ছবি পোস্ট করেন। সেখানেই তিনি জানান 'ধুরন্ধর' থিমের এই বার শ্রীনগরের একটি সেনা ছাউনিতে খোলা হয়েছে। অভিনেতা তাঁর সেই স্টোরিতে লেখেন, 'আমি এখন শ্রীনগরে। কিন্তু এক্সাক্ট ডিটেল দেব না যে আমি ঠিক কোথায় আছি। কিন্তু এটুকু জানাই সেনাদের ছাউনি এটা। আর তাঁরা এখানেই একটা ধুরন্ধর কর্নার বানিয়েছেন। ওঁরা এমন একজনকে খুঁজছিলেন যিনি এসে এটির উদ্বোধন করবেন। আজ, আমি এখানে কাশ্মীরের শ্রীনগরে রয়েছি। আমিই এই শুভ কাজটি করব। নিরাপত্তার কারণে এই বারের সঠিক লোকেশন কাউকে জানাতে পারব না।' এরপরই তিনি সেই বারের ফিতে কেটে তার উদ্বোধন করেন।

সেই বারের সামনে 'ধুরন্ধর বার, ২০২৬ সালে প্রতিষ্ঠিত' লেখা। সেই বারের দেওয়াল জুড়ে কোথাও রাকেশ বেদির পোস্টার, বা তাঁর ডায়লগ, কোথাও আর মাধবনের, কোথাও রণবীর সিংয়ের ছবি এবং পোস্টার। একটি জায়গায় অভিনেতার কাটআউটের হাতে সত্যিকারের বন্দুক ধরিয়েও রাখা হয়েছে।
প্রসঙ্গত 'ধুরন্ধর' ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর সিংকে। তিনি জ্যাসকিরত, একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর বিপরীতে ছিলেন সারা অর্জুন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রাকেশ বেদি ছাড়াও সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, প্রমুখকে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, ধুরন্ধর ছবিটির প্রথম ভাগ বক্স অফিসে ১৩০০ কোটি আয় করেছিল বিশ্বজুড়ে। অন্যদিকে 'ধুরন্ধর ২' আরও বড় হিট হয়। 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' বক্স অফিসে ১৮০০ কোটি টাকার উপর আয় করেছে। ফলে এই ফ্র্যাঞ্চাইজির মোট আয় ৩০০০ কোটি টাকার বেশি।
















