রহস্য-রোমাঞ্চের মিশেলে আসছে এক ভার্টিকাল সিরিজ। দিল ফরম্যাটে এবার দর্শকের কাছে পৌঁছে যাবে টানটান উত্তেজনাপূর্ণ কয়েকটি পর্ব। উইশডম আই ক্রিয়েশনের প্রযোজনায় জি ফাইভ বাংলা ও বুলেট অ্যাপে আসছে এই সিরিজটি। পরিচালনার দায়িত্বে আছেন শুভজিৎ চক্রবর্তী।

মুখ্য চরিত্রে দেখা যাবে, অর্কজা আচার্য, অর্পণ ঘোষাল, কিরণ মজুমদার ও শাওলি চ্যাটার্জিকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে সিরিজের। গল্প অনুযায়ী একটি মেয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। আর তারপর থেকেই অদ্ভুতভাবে খুন হতে থাকে অনেকে। রহস্য ঘনীভূত হতে থাকে, কিন্তু শেষমেশ অন্ধকার হাতড়ে কোন সত্যি উঠে আসবে? সেটাই দেখা যাবে গল্পে। 

সিরিজটিতে অর্পণের দুই প্রেমিকার চরিত্রে থাকবেন অর্কজা ও কিরণ। অর্কজা প্রাক্তন ও কিরণ বর্তমান প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন। এই প্রথমবার তিনজনকে দর্শক একই ফ্রেমে দেখবেন। এর আগে ভিন্নভাবে দর্শকের কাছে প্রশংসিত হলেও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। 

অর্কজাকে দর্শক দেখেছেন ছোটপর্দা বিভিন্ন চরিত্রে। স্টার জলসার ধারাবাহিক 'ওগো নিরুপমা' দিয়ে তাঁর ছোটপর্দায় যাত্রা শুরু। এরপর একে একে বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক 'আনন্দী'তে 'সুপর্ণা'র চরিত্রে। এই ধূসর চরিত্রেও তাঁর অভিনয় বাজিমাত করেছে। অন্যদিকে, অর্পণের একটা আলাদা 'ফ্যানবেস' রয়েছে। কিছুদিন আগেই তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছে 'রাপ্পা রায়'-এর চরিত্রে। 'কর্পূর'-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিরণ সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। এরপর ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি বিক্রম চ্যাটার্জির বিপরীতে 'বাবা' নামের ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর।