অর্জুন কাপুর ট্রোলিং ও ভাইরাল মিমের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা শেয়ার করেছেন। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘পথ চলতে থাকলে অনুতাপ থাকবে না। হাল ছেড়ে দিলে থাকবে।’

গত এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটাক্ষের মুখে পড়েছেন অর্জুন। বিশেষ করে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির প্রচারের সময়কার কিছু পুরনো ভিডিও ক্লিপ ফের ভাইরাল হয়ে যায়। সেগুলি রিমিক্স করে বিভিন্ন মিম ও রিল হিসাবে ছড়িয়ে পড়ে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ভরে যায় ট্রোলিং মন্তব্য ও জিআইএফ-এ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, একাধিক পোস্টে মন্তব্যের অপশন বন্ধ করে দিতে বাধ্য হন অভিনেতা। এমনকি ২০২৫ সালের অন্যতম আলোচিত অনলাইন ট্রেন্ড হিসাবেও এই মিমের উল্লেখ করা হয়।

এর কয়েকদিন আগেই মায়ের জন্মবার্ষিকীতে আবেগঘন পোস্ট করেছিলেন অর্জুন। প্রয়াত মা মোনা শৌরি কাপুরের স্মৃতিচারণ করে কিছু পুরনো ছবি শেয়ার করেন তিনি। লেখেন, ‘শুভ জন্মদিন মা। আজ তোমায় ভীষণ মিস করছি। ইদানীং জীবনটা একটু কঠিন হয়ে উঠেছে, তবে ঠিক আছে… আগেও আঘাত সামলেছি, আবারও সামলাব এবং ঘুরে দাঁড়াব। তুমি আমায় শিখিয়েছ কীভাবে সম্মান আর মর্যাদা বজায় রেখে লড়াই করতে হয়। আমরা একসঙ্গেই এই পথ পার করব… একদিন আবার তোমার জন্মদিন একসঙ্গে উদযাপন করব।’

পোস্টে ‘জীবন কঠিন’ হওয়ার উল্লেখ ঘিরে অনেক অনুরাগীর ধারণা, তিনি পরোক্ষে ট্রোলিংয়ের কথাই ইঙ্গিত করেছেন। সেই আবেগঘন পোস্টে ইন্ডাস্ট্রির একাধিক তারকা সমর্থন জানিয়েছেন। জাহ্নবী কাপুর, জোয়া আখতার, বীর পাহাড়িয়া, রাকুল প্রীত সিং, খুশি কাপুর, পরমিত শেঠি এবং অপারশক্তি খুরানাৃসহ অনেকেই মন্তব্যে ভালবাসা ও সমর্থনের বার্তা দেন।

তবে ট্রোলিং নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি অর্জুন।  সম্প্রতি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ছবিতে অঙ্কুর চাড্ডা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

অর্জুন ২০১২ সালে ‘ইশাকজাদে’ ছবির মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করে দর্শকদের নজর কাড়েন। এরপর ‘টু স্টেটস’, ‘গুন্ডে’, ‘কি অ্যান্ড কা’সহ একাধিক ছবিতে অভিনয় করে নিজের জায়গা পোক্ত করেন। তবে পরবর্তীতে তাঁর ছবিগুলি দর্শকমনে ছাপ ফেলতে পারেনি। ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন অর্জুন। চ্যালেঞ্জ ও সমালোচনার মুখেও তিনি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন এবং নিজেকে নতুনভাবে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।