গত জানুয়ারি মাসে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করে সঙ্গীত জগতকে স্তব্ধ করে দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে দীর্ঘ নিরবতা ভেঙে এবার অনুরাগীদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিলেন জিয়াগঞ্জের এই ভূমিপুত্র। নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আশ্বস্ত করে অরিজিৎ জানিয়েছেন, নতুন কোনও গান রেকর্ড না করলেও তাঁর গাওয়া অসংখ্য গান এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে, যা হয়তো আগামী বছর পর্যন্ত চলতে থাকবে।
সমাজমাধ্যমে অরিজিৎ লিখেছেন, “এই বার্তাটি শুধুমাত্র আমার শ্রোতাদের জন্য। দয়া করে যাঁরা আমার গান শোনেন না, তাঁরা এড়িয়ে যান।” বর্তমানের প্রতিযোগিতামূলক পৃথিবীর কথা উল্লেখ করে তিনি অনুরাগীদের ভালবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পরিষ্কার করে জানান যে, নতুন কাজ হাতে না নিলেও তার হাতে জমে থাকা ‘পেন্ডিং’ গানের তালিকা বেশ দীর্ঘ। অরিজিৎ-এর কথায়, “আমাকে এখনও অনেকগুলো অসম্পূর্ণ গানের কাজ শেষ করতে হবে। সেই গানগুলো একে একে মুক্তি পাবে। পুরো ২০২৬ তো বটেই, এমনকী তার পরের বছর পর্যন্তও হয়তো আমার নতুন গান আপনারা শুনতে পাবেন।”
অরিজিতের এই অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তার কোটি কোটি অনুরাগী থেকে শুরু করে খোদ বলিউড তারকারাও। সম্প্রতি সুপারস্টার আমির খান মুর্শিদাবাদে অরিজিতের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অরিজিৎ নিজেই জানান, তিনি আর নতুন প্লেব্যাক প্রজেক্ট গ্রহণ করবেন না। ভক্তদের উদ্দেশে লিখেছিলেন, “নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। এত বছর ধরে যে ভালবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। জানাতে চাই, এখন থেকে আমি আর নতুন প্লেব্যাক কাজ নেব না। এই সফরটা দারুণ ছিল।”
এক দশকেরও বেশি সময়ের সঙ্গীতযাত্রায় অরিজিৎ প্রথম নজরে আসেন রিয়্যালিটি শো ফেম গুরুকুল-এ। বলিউডে আত্মপ্রকাশ করেন ‘ফির মহব্বত’ গান দিয়ে মার্ডার ২ ছবিতে।তবে জাতীয় স্তরে আলোড়ন তোলেন ‘তুম হি হো’ গান দিয়ে আশিকি ২ ছবিতে, যা হয়ে ওঠে সময়ের অন্যতম জনপ্রিয় প্রেমের গান।
এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন অরিজিৎ - ‘চান্না মেরেয়া’, ‘আগর তুম সাথ হো’, ‘রবতা’, ‘কেশরিয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘তেরা ইয়ার হুঁ ম্যাঁয়’, ‘তুঝে কিতনা চাহনে লাগা’ সহ আরও বহু স্মরণীয় ট্র্যাক। হয়তো প্লেব্যাকের মঞ্চ থেকে তাঁর এই সরে দাঁড়ানো, আসলে নতুন অধ্যায়েরই সূচনা।
