'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। এখনও এই খবর বিশ্বাস করে উঠতে পারেননি অনেকেই। এদিন অভিনেতার ছবি পোস্ট করে শোকপ্রকাশ করলেন অপর্ণা সেন।
টলিউডের 'রীনা দি' রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করে লেখেন, 'রাহুল! কেন তোমাকে এত তাড়াতাড়ি চলে যেতে হল? কিছুই তো বুঝতে পারছি না। এই মর্মান্তিক দুর্ঘটনা যখন ঘটলো, আমি কলকাতায় ছিলাম না, এখনও নেই। অনেক কিছু থেকেই সরে গেছি, সরিয়ে নিয়েছি নিজেকে…কিন্তু তোমার এইভাবে অকালে চলে যাওয়া দূরে থেকেও আমাকে নাড়িয়ে দিয়েছে। ভাবতেও পারছি না তুমি সত্যিই নেই! তোমার সঙ্গে যে খুব দেখা হত আমার এমনও নয়। শুধু আমার একটাই ছবিতে তোমাকে একটাই দৃশ্যের জন্যে পাওয়ার সৌভাগ্য হয়েছিল। আরশিনগরে তুমি আর প্রিয়াংকা একটা ছোট্ট কাজ করেছিলে অতিথি শিল্পী হিসেবে। সেই প্রথম। সেই শেষ?' তিনি এদিন আরও লেখেন, 'তোমার বহু গুণের অনুরাগী ছিলাম আমি আরও অনেকের মত… তোমার অভিনয় প্রতিভা… তোমার লেখা… তোমার বাগ্মীতা… তোমার পডকাস্টে আসার সুযোগ হয়নি আমার… কিন্তু আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে। সেও আর হল না। কিন্তু তার চেয়েও বড় কথা, এমন তাজা, এমন টগবগে একটা প্রাণ এই ভাবে চলে গেল! জানি না মরণোত্তর কোনও অস্তিত্ব থাকে কিনা মানুষের। যদি থাকে, তুমি সেখানে নতুন প্রাণ নিয়ে রাজ করো। আমাদের সকলের ভালবাসা তোমার সঙ্গে রইল।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া তাঁকে দর্শক সদ্যই 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে হইচই প্ল্যাটফর্মের এই সিরিজে তিনি ছিলেন। অভিনয় করেছিলেন দারোগার চরিত্রে। অভিনয় ছাড়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন।
২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের উজান এবং কুইনের মধুচন্দ্রিমার শুটিং চলছিল। সেই সময়ই হঠাৎই জলে পড়ে যান অভিনেতা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।















