১১ জানুয়ারি পাঁচ-এ পা দিল বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকা। মেয়ের পাঁচ বছরের জন্মদিনে দাঁড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় বদলের কথা ফের একবার সামনে আনলেন অনুষ্কা শর্মা। কন্যা ভামিকার জন্ম যে তাঁর জীবনকে আমূল পাল্টে দিয়েছে, সে কথা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। অনুষ্কার কথায়, মাতৃত্ব তাঁকে যে মানুষ বানিয়েছে, সেই ‘আমি’-কে তিনি কোনও কিছুর বদলেই আর বদলাতে রাজি নন।
১১ জানুয়ারি, ২০২১। এই দিনেই মা হন অনুষ্কা শর্মা। ভামিকার জন্মের সেই স্মৃতিকে ফিরিয়ে আনতেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে মাতৃত্বের বাস্তব, দ্বন্দ্ব আর গভীর অনুভূতির কথা তুলে ধরা হয়েছে। অনুষ্কার পোস্টের একাংশে লেখা ছিল, “মাতৃত্বকে তোমাকে বদলে দিতে দাও এবং সেই নতুন মানুষটারও দায়িত্ব নাও। আমরা ভাবি, আগের জীবনটা সামান্য বদলালেই চলবে, সন্তানকে সঙ্গে নিয়েই সব চলবে। কিন্তু সেটা আংশিক সত্য। কেউ বলে না এর মূল্য কতটা।”

পোস্টে আরও বলা হয়, “ক্লান্ত চোখ আর পরিপূর্ণ হৃদয় নিয়ে আমাদের চাহিদা হারিয়ে যায় না, শুধু নতুন করে সাজানো হয়। মাতৃত্ব এক আশ্চর্য দ্বন্দ্ব। ভালবাসা আর ক্লান্তি, বেড়ে ওঠা আর হারানোর অনুভূতি পাশাপাশি বাস করে। এই ছোট ছোট, ভারী অথচ অর্থপূর্ণ মুহূর্তগুলোই আমাদের গড়ে তোলে। এগুলোর জায়গা দরকার, কারণ এগুলো আমাদের থেকে অনেক কিছু নেয় আর আমাদের দেখা ও আগলে রাখাও প্রয়োজন।”
এই পোস্ট শেয়ার করে অনুষ্কা নিজেও একটি সংক্ষিপ্ত অথচ গভীর বার্তা লেখেন। তিনি লেখেন, “ আমার যে অংশ, আমার যে সংস্করণটা ভামিকাকে চেনে না, সেই আমি-তে আর কখনও ফিরে যেতে চাই না। ১১ জানুয়ারি, ২০২১।” পোস্টের সঙ্গে জোড়া ছিল একটি লাল হৃদয়ের ইমোজি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে দীর্ঘ বিরতির পর ভারতে দেখা যায় অনুষ্কা শর্মাকে। মুম্বই বিমানবন্দরে স্বামী ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে ধরা পড়েন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অত্যন্ত গোপনীয় এই দম্পতি তাঁদের সন্তানদের ছবি প্রকাশ্যে না আনার বিষয়ে কঠোর নীতি মেনে চলেন।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিং সেটে প্রথম আলাপ অনুষ্কা ও বিরাটের। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে সারেন তাঁরা। ভামিকার জন্মের তিন বছর পর, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁদের পরিবারে আসে আরও এক সদস্য, পুত্র সন্তান আকায়।দ্বিতীয় সন্তানের জন্মের পর অনুষ্কা-বিরাট লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, এমন গুঞ্জন শোনা গেলেও, এই নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি তাঁরা। বিদেশে থাকলেও মাঝেমধ্যেই তাঁদের পারিবারিক হাঁটাচলার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়।
কাজের দিক থেকে বেশ কিছু বছর ধরেই পর্দা থেকে দূরে অনুষ্কা শর্মা। তাঁর শেষ পূর্ণদৈর্ঘ্যের ছবি ছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’, যা বক্স অফিসে সাফল্য পায়নি। পরে নিজের প্রযোজনা ‘কলা’-য় একটি গানে বিশেষ উপস্থিতি ছিল তাঁর। ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে তৈরি ‘চাকদা এক্সপ্রেস’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর নেই।
তবে স্পষ্ট, আপাতত ক্যামেরার ঝলকের চেয়ে অনুষ্কার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, মাতৃত্ব। আর ভামিকার জন্মদিনে সেই কথাই নিঃসংকোচে বলে দিলেন অভিনেত্রী।
