প্রেক্ষাগৃহে গত মাসে মুক্তি পেয়েছে ববি দেওল অভিনীত সিনেমা ‘বান্দর’।  অনুরাগ কাশ্যপ পরিচালিত বলে এই ছবি নিয়ে হইচই চলছিলই। কিন্তু সিনেমাটি পর্দায় আসতেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না! যৌন নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়, নারীবিদ্বেষের অভিযোগ আর মি টু আন্দোলনকে একপ্রকার লঘু করার দায়ে এ ছবিকে ঘিরে নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠেছিল। বক্স অফিসেও একেবারেই ভাল ফলাফল করতে পারেনি 'বান্দর'।  এমন আবহেই বোমা ফাটালেন খোদ ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ।


সম্প্রতি কৌতুকশিল্পী কুনাল কামরার ইউট্যুব চ্যানেলে এসে মন খুলে কথা বলেন অনুরাগ। এ ছবির প্রচার থেকেও কেন তিনি নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন, এমনকি কুনালকেও কেন সিনেমাটি দেখতে বারণ করেছিলেন— তার আসল রহস্য ফাঁস করলেন পরিচালক।

অনুরাগের কথায়, "আমি যখন সিনেমাটা দেখতে বারণ করেছিলাম, তার কারণ সিনেমা এই ভার্সনটা যেটা মুক্তি পেয়েছে তা আমি নিজের বলে দাবি করতে পারি না। খেয়াল করলে দেখবেন, ছবিটা নিয়ে আমি কোনও সাক্ষাৎকারই দিইনি। কারণ পর্দায় যা এসেছে, সেটা আমার 'ফাইনাল কাট' নয়। দর্শকরা যে ,সমালোচনা করছেন, তা সম্পূর্ণ বৈধ। আমি এমন কিছু বানাতে চেয়েছিলাম যার পাশে আমি বুক চিতিয়ে দাঁড়াতে পারি। কিন্তু এই কাট-টার পাশে আমি দাঁড়াতে পারছি না।"

কিন্তু গোলমালটা হল কোথায়? অনুরাগের স্পষ্ট কথা, তিনি যা শুট করেছিলেন সমস্যা সেখানে ছিল না, আসল খাঁড়া নেমেছে এডিটিং টেবিলে!
তাই তো একদম সোজাসাপ্টা স্বীকারোক্তি অনুরাগের— প্রেক্ষাগৃহে দর্শকরা যে ‘বান্দর’ দেখছেন, তার দায় তিনি কোনওভাবেই নিতে পারবেন না!

কী বদলাল? বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য এডিট করে ছেঁটে ফেলার ফলে পুরো ছবির মেসেজ বা মূল উদ্দেশ্যটাই বদলে গেছে।পরিচালকের বক্তব্য, "সিনেমার বাকি সব আমারই বানানো, শুটও আমারই করা। কিন্তু কাঁচি চালিয়ে যেভাবে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, তাতে ছবির দৃষ্টিভঙ্গি বা 'টিল্ট'-টাই বদলে গেছে। যা বাদ দেওয়া হয়েছে, তাতেই ছবির আসল পরিণতি বদলে গেছে।"অনুরাগের মতে, বর্তমান সময়ে বলিউডে কর্পোরেটাইজেশন যেভাবে থাবা বসিয়েছে, তাতে একজন নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব।

চুক্তির মূল্য শূন্য: ছবি পিছিয়ে গেলে বা বাজেট বাড়লেই পরিচালকের হাত থেকে নিয়ন্ত্রণ নামমাত্র হয়ে যায়। লিগ্যাল পেপারওয়ার্কের আর কোনও দাম থাকে না; স্টুডিও যা চায়, সেটাই শেষ কথা। তাছাড়া আগেকার সময় প্রযোজকেরা কোনও গল্পের ওপর বিশ্বাস রেখে সর্বস্ব বাজি ধরতেন। আর আজ? আজ শুধুই 'কমার্শিয়াল হিট'-এর দৌড়! হাতে গোনা কয়েকটি বড় স্টুডিও পুরো ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করায় স্বাধীন ছবির ভবিষ্যৎ এখন অন্ধকারের মুখে।

ববি দেওল ছাড়া এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সানিয়া মালহোত্রা, সপ্না পাব্বি এবং সাবা আজাদ। একজন পতনের মুখে থাকা তারকা এবং তার বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্র করেই ‘বান্দর’-এর গল্প।

যদিও নানা সমালোচনার মধ্যেও জনমত ও আইনি ব্যবস্থার 'ভেতরের সার্কাস' তুলে ধরে ছবিটি বর্তমান সময়ের জন্য বেশ প্রাসঙ্গিক। তবে খোদ পরিচালকের এমন চাঁচাছোলা মন্তব্যের পর, দর্শক ও সমালোচকদের চোখ এখন ছবির প্রযোজকদের দিকে!