জনপ্রিয় ইউটিউবার তিনি। যদিও তাঁকে অনুরাগ ডোভালের বদলে লোকজন ইউকে ০৭ রাইডার নামেই বেশি চেনেন। এই বিগ বস খ্যাত ইউটিউবার সম্প্রতি গাড়ি চালানোর সময় লাইভ করে আত্মহত্যার চেষ্টা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হন। ভর্তি করানো হয় হাসপাতালে। অবশেষে দুর্যোগের মেঘ কাটল। জ্ঞান ফিরল অনুরাগের।
দুর্ঘটনার পর আইসিইউতে ভর্তি ছিলেন অনুরাগ ডোভাল। এদিন একটি নতুন ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। ঠোঁটে লেগে আছে চেনা হাসি। শুধু এতটুকুই নয়। তিনি এদিন তাঁর স্বাস্থ্য বর্তমানে কেমন আছে, এই গোটা ঘটনার পর তিনি কী বোধ করছেন সবটাই জানিয়েছেন।
রবিবার, ৮ মার্চ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যোগেশ কাঠুরিয়া একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি হাসপাতালে অনুরাগ ডোভালকে দেখতে গিয়েছিলেন। সেখানেই এই ভিডিও রেকর্ড করেন এবং পরবর্তীতে তা সমাজমাধ্যমে পোস্ট করেন অনুরাগের স্বাস্থ্যের আপডেট দেওয়ার জন্য। ভিডিওতে দেখা যাচ্ছে যোগেশ ইউটিউবারকে দেখে হাসছেন। এবং বলছেন, 'ভাই একটু হাসি দিয়ে দে। তোর তো নতুন জন্ম হল।' মৃত্যু মুখ থেকে ফিরে আসার আনন্দে এদিন কেঁদে ফেলেন অনুরাগ। তাঁর চোখের জল মুছিয়ে দেন এক ব্যক্তি। এরপর তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন, এবং তাঁর যে বর্তমানে জ্ঞান আছে, কথা বলতে পারছেন সেটা ভিডিও থেকে স্পষ্ট।
প্রসঙ্গত কিছুদিন আগে অনুরাগ ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'আমার শেষ ভিডিও।' সেখানেই তিনি তাঁর বাবা, মা এবং ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জানান তাঁরা, তাঁর উপর অত্যাচার করেছেন কারণ তিনি ঋতিকাকে বিয়ে করেছেন। ঋতিকা এবং অনুরাগের জাত এক না হওয়ার কারণেই তাঁদের এই বিয়ে নিয়ে আপত্তি। সেই নিয়েই ঝামেলার সূত্রপাত। অশান্তি না নিতে পেরে চলন্ত গাড়িতে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন অনুরাগ ডোভাল।
https://www.instagram.com/reels/DVmoRupk8e_/
যদিও অনুরাগের ভাই এবং নেটপাড়ার একাংশের দাবি ছিল তাঁর এসব অভিযোগ মিথ্যে। সবটাই নাকি ভিউজ এবং ফুটেজ পাওয়ার নেশায় করেছেন।
সম্প্রতি তিনি দিল্লি মিরাট হাইওয়েতে তাঁর টয়োটা ফর্চুনার গাড়িটি নিয়ে বেরিয়েছিলেন। সেখানেই ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ির সৈয়দ তোলেন। লাইভ ভিডিওতে জানান তিনি ভীষণ একা, কাউকে আর ফোন করে নেই। সকলকে বিদায় জানিয়ে জেনে বুঝে দুর্ঘটনা ঘটান। তারপর তাঁর ম্যানেজার সবাইকে জানান তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন মুনাওয়ার ফারুকি এবং আলি গোনি। তাঁরা দুজনেই এই বিগ বস প্রতিযোগীকেই সমর্থন করেছেন।
