জনপ্রিয় ইউটিউবার, ‘বিগ বস’ খ্যাত অনুরাগ ডোভালকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় যেন থামছেই না। সম্প্রতি অনুরাগের বাবা জগদম্বা প্রসাদ ডোভাল এক চরম সিদ্ধান্ত নিয়ে গোটা নেটদুনিয়াকে স্তব্ধ করে দিয়েছেন। প্রকাশ্যেই তিনি ঘোষণা করেছেন যে, ছেলে অনুরাগ এবং পুত্রবধূ ঋতিকার সঙ্গে তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। এমনকী তাঁকে ‘ত্যাজ্যপুত্র’ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত অনুরাগের একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যেখানে তিনি মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানান এবং আত্মহত্যার ইঙ্গিত দেন। অনুরাগের দাবি ছিল, দীর্ঘ সময় ধরে তাঁকে এবং তাঁর পরিবারকে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে, যার ফলে তিনি চরম পদক্ষেপ করতে বাধ্য হতে পারেন। এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগের অনুরাগীরা দুশ্চিন্তায় পড়েন। কিন্তু এর পরেই দৃশ্যপটে আসে এক অভাবনীয় মোড়।

ছেলের এই আচরণে অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে অনুরাগের বাবা সংবাদমাধ্যমের কাছে জানান, অনুরাগ ও তাঁর স্ত্রী ঋতিকা যা করছেন তা কেবল নাটক এবং প্রচার পাওয়ার সস্তা কৌশল। তিনি অভিযোগ করেন, অনুরাগ তাঁর বাবা-মায়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। জগদম্বা প্রসাদের কথায়, "অনুরাগ এবং ঋতিকা তাঁদের স্বার্থের জন্য যে কোনও স্তরে নামতে পারে। আমি আর এই অপমানের ভাগীদার হতে চাই না। আজ থেকে ওদের সঙ্গে আমার বা আমার পরিবারের কোনও যোগাযোগ থাকবে না।" অনুরাগের এই পারিবারিক বিবাদ এখন 'টক অফ দ্য টাউন'।


প্রসঙ্গত, তাঁকে অনুরাগ ডোভালের বদলে নেটিজেনরা 'ইউকে ০৭ রাইডার' নামেই বেশি চেনেন। এই 'বিগ বস' খ্যাত ইউটিউবার সম্প্রতি গাড়ি চালানোর সময় লাইভ করে আত্মহত্যার চেষ্টা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হন। ভর্তি করানো হয় হাসপাতালে। অবশেষে দুর্যোগের মেঘ কেটেছে। জ্ঞান ফিরেছে অনুরাগের। 

দুর্ঘটনার পর আইসিইউতে ভর্তি ছিলেন অনুরাগ ডোভাল। রবিবার ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। ঠোঁটে লেগে আছে চেনা হাসি। শুধু এতটুকুই নয়। তিনি এদিন তাঁর স্বাস্থ্য বর্তমানে কেমন আছে, এই গোটা ঘটনার পর তিনি কী বোধ করছেন সবটাই জানিয়েছেন। 

রবিবার, ৮ মার্চ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যোগেশ কাঠুরিয়া একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি হাসপাতালে অনুরাগ ডোভালকে দেখতে গিয়েছিলেন। সেখানেই এই ভিডিও রেকর্ড করেন এবং পরবর্তীতে তা সমাজমাধ্যমে পোস্ট করেন অনুরাগের স্বাস্থ্যের আপডেট দেওয়ার জন্য। ভিডিওতে দেখা যাচ্ছে যোগেশ ইউটিউবারকে দেখে হাসছেন। এবং বলছেন, "ভাই একটু হেসে দে। তোর তো নতুন জন্ম হল।" মৃত্যু মুখ থেকে ফিরে আসার আনন্দে এদিন কেঁদে ফেলেন অনুরাগ। তাঁর চোখের জল মুছিয়ে দেন এক ব্যক্তি। এরপর তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন, এবং তাঁর যে বর্তমানে জ্ঞান আছে, কথা বলতে পারছেন সেটা ভিডিও থেকে স্পষ্ট। 

কিছুদিন আগে অনুরাগ ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'আমার শেষ ভিডিও।' সেখানেই তিনি তাঁর বাবা, মা এবং ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জানান তাঁরা, তাঁর উপর অত্যাচার করেছেন কারণ তিনি ঋতিকাকে বিয়ে করেছেন। অশান্তি না নিতে পেরে চলন্ত গাড়িতে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন অনুরাগ ডোভাল। 

সম্প্রতি তিনি দিল্লি মিরাট হাইওয়েতে তাঁর টয়োটা ফর্চুনার গাড়িটি নিয়ে বেরিয়েছিলেন। সেখানেই ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ির সৈয়দ তোলেন। লাইভ ভিডিওতে জানান তিনি ভীষণ একা, কাউকে আর ফোন করে নেই। সকলকে বিদায় জানিয়ে জেনে বুঝে দুর্ঘটনা ঘটান। তারপর তাঁর ম্যানেজার সবাইকে জানান তিনি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এখন তিনি ঠিক আছেন বলে জানিয়েছেন স্ত্রী ঋতিকা।