২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে খবরটা রটে। দ্বিতীয়বার ছাদনাতলায় যাচ্ছেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রস্মিতা পাল। অবশেষে ২ মার্চ আইনি বিয়ে সারেন অনুপম রায় এবং প্রস্মিতা পাল। সেই ঘটনার দেখতে দেখতে বছর দুই পার। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য বিশেষ বার্তা অনুপম রায়ের।
এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অনুপম রায়। সেখানে তাঁকে এবং প্রস্মিতাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। গায়কের পরনে সাদা টিশার্ট এবং কালো প্যান্ট। অন্যদিকে প্রস্মিতা পালের পরনে সবুজ টিশার্ট এবং সাদা প্যান্ট। এদিন এই ছবিটি পোস্ট করে অনুপম রায় লেখেন, 'দু'টো বসন্ত কেটে গেল।' সঙ্গে তিনি তাঁর জনপ্রিয় গান 'বেঁচে থাকার গান' -এর লাইন লেখেন, 'ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।' অনুপম রায় এবং তাঁর বেটার হাফকে এদিন এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা। কেউ লেখেন, 'আপনাদের আগামী ভাল কাটুক।' কেউ আবার লেখেন, 'খুব ভাল মানিয়েছে আপনাদের দু'জনকে'। আরও নেটিজেন লেখেন, 'দুই নয় আরও অনেক বছর এক সঙ্গে কাটুক।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অনুপম রায় এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। কলেজে পড়াকালীন বন্ধুত্ব হয় তাঁদের। সেই আলাপ, বন্ধুত্ব গড়ায় প্রেমে এবং অবশেষে বিয়েতে। কিন্তু বছর ছয়েক কাটতে না কাটতেই সেই সম্পর্কে দাঁড়ি পড়ে। ২০২১ সালে আইনি ভাবে আলাদা হন তাঁরা। পরবর্তীতে পিয়া চক্রবর্তী বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তার কয়েক মাস পরেই প্রস্মিতা পালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গায়ক। সূত্রের খবর, বিয়ের আগে বছর খানেক তাঁরা ডেট করেছেন।
বিয়েতে নিকট আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিল অনুপম এবং প্রস্মিতার বিয়েতে। রিসেপশনে বসেছিল চাঁদের হাট। টলিউডের একাধিক চেনা মুখ হাজির ছিলেন সেখানে। বিয়েতে গায়িকা রানি রঙের বেনারসি পরেছিলেন। অন্যদিকে গায়কের পরনে ছিল রানি সুতোর কাজ করা তসরের পাঞ্জাবি।
অনুপম রায় এবং প্রস্মিতা পাল দু'জনেই টলিউডের অতি চেনা নাম। গায়ক তো একাধিক ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাংলা এবং হিন্দিতে। উপহার দিয়েছেন' বোবা টানেল', 'সেটাই সত্যি', ইত্যাদির মতো গান।
