অভিনেতা অনুপম খের বরাবরই তাঁর সাধারণ জীবনযাত্রা এবং লড়াই করে প্রতিষ্ঠিত হওয়ার গল্প খোলামেলাভাবে বলেছেন। প্রায় ১০ বছর আগে সাধারণ জীবনযাপনের জন্যই তিনি মুম্বইয়ের নিজের ফ্ল্যাট বিক্রি করে দেন। অনুপম খেরের এই ফ্ল্যাট পরবর্তীকালে কিনে নেন আলিয়া ভাট৷ 

সূত্রের খবর, ২০১৫ সালে মুম্বইয়ের জুহুর কাছে একটি জনপ্রিয় বিল্ডিংয়ে অনুপম খেরের দুটি ফ্ল্যাট কিনেছিলেন আলিয়া ভাট। একটি ফ্ল্যাটের দাম ছিল ৫.১৬ কোটি টাকা এবং অন্যটির দাম ৩.৮৩ কোটি টাকা—মোট প্রায় ৮.৯৯ কোটি টাকা দিয়ে আলিয়া কিনেছিলেন অনুপমের ফ্ল্যাটদুটি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে অনুপম খের তাঁর জীবনের শুরু দিকের সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি জানান, মাত্র ৩৭ টাকা নিয়ে তিনি মুম্বইয়ে এসেছিলেন। এত অর্থ খ্যাতি তারপরেও তিনি ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। 


অনুপম বলেন, এটি কোনও আর্থিক সমস্যার কারণে নয়, বরং একটি সচেতন সিদ্ধান্ত। তাঁর মতে, জীবনের লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয়, বরং তাঁর লক্ষ্য একজন সেরা অভিনেতা হয়ে ওঠা।

অনুপম বলেন, “বাড়ি বিক্রি করে কিরণ আর আমি অন্য একটি জায়গায় চলে যাই, এবং সেটি খুঁজতে আমাদের চার বছর সময় লাগে। এরপর কিরণ সাংসদ হন এবং চণ্ডীগড়ে চলে যান। তখন একসময় ভাবলাম, আমরা কেন এত কষ্ট করে বাড়ি খুঁজছি? তাই আমরা সহজভাবে জীবনযাপন শুরু করি।”

তিনি আরও জানান, ভাড়ার বাড়িতে থাকতে তাঁর ভাল লাগত, কারণ এতে জীবন অনেক সহজ মনে হত৷ অনুপম খের আরও জানান, তাঁর মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল শিমলায় একটি বাড়ি কেনার। যদিও তাঁর মা ছোট একটি বাড়ি চেয়েছিলেন, তবুও তিনি বড় একটি বাড়ি কিনে দেন। তিনি বলেন, তাঁর মা মূলত গ্রীষ্মকালে সেই বাড়িতে থাকেন।

সুখ এবং বিলাসিতা প্রসঙ্গে অনুপম বলেন, “আপনার যদি ১০ কোটি টাকা থাকে, তাহলে আপনি ২০ কোটি চাইবেন, তারপর ২৫ কোটি। কিন্তু ব্যর্থতা আমাদের নতুনভাবে নিজেকে গড়ে তুলতে শেখায় এবং মনে করিয়ে দেয় যে আমরা বেঁচে আছি। প্রতিটি ব্যর্থতা আমাদের সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে।  কখনও কখনও মনখারাপ হলেও তারপর আবার জীবনের আনন্দ খুঁজে পাই। মানুষ এখন সত্যিকারের জীবনযাপন করতে ভুলে গেছে।”