অভিনেতা অনুপম খেরের আসন্ন ছবি 'শ্রী রাম ভূমি'-র প্রথম দফার শুটিং শেষ হয়েছে। অযোধ্যায় প্রথম দফার শুটিং করা হয়েছে৷ শুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। সেখানে তিনি জানিয়েছেন, অযোধ্যা তাঁর কাছে শুধু একটি শহর নয়, বরং এমন এক অনুভূতি, যা চিরদিন তাঁর আত্মার সঙ্গে জড়িয়ে থাকবে।
ইনস্টাগ্রামে শুটিংয়ের একাধিক ছবি পোস্ট করে অনুপম লিখেছেন, 'শ্রী রাম ভূমি-র প্রথম শুটিং শিডিউল শেষ করে অযোধ্যা থেকে ফিরছি। কিন্তু মনে হচ্ছে, আমার একটা অংশ যেন সেখানেই থেকে গেল। শুধু কিছু সুন্দর স্মৃতি নয়, সঙ্গে করে নিয়ে ফিরছি সনাতন ধর্ম সম্পর্কে আরও গভীর উপলব্ধি, আধ্যাত্মিক সমৃদ্ধি এবং এমন একটি ছবির অংশ হতে পারার গর্ব, যা ইতিহাস ও বিশ্বাসকে আন্তরিকতার সঙ্গে পর্দায় তুলে ধরার চেষ্টা করছে।'
অভিনেতা আরও জানান, অযোধ্যার প্রতিটি গলি, প্রতিটি মানুষের মধ্যে তিনি ইতিহাস ও আধ্যাত্মিকতার ছোঁয়া অনুভব করেছেন। এই সফর তাঁর কাছে শুধুমাত্র একটি ছবির শুটিং নয়, বরং এক গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা হয়ে থাকবে। তিনি অযোধ্যার মানুষ, সাধু-সন্ত, পরিচালক কামাখ্যা নারায়ণ সিং এবং ছবির পুরো ইউনিটকে ধন্যবাদও জানিয়েছেন।
'শ্রী রাম ভূমি' ছবিতে অনুপম খের প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংহলের চরিত্রে অভিনয় করছেন। কয়েক দিন আগেই তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই চরিত্রের কথা প্রকাশ্যে এনেছিলেন। অনুপম জানিয়েছিলেন, এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারা তাঁর কাছে গর্বের এবং তিনি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন এমনটাও বলেন।
কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এই ছবিতে অনুপম খের ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋত্বিক ভৌমিক এবং অমৃতা খানভিলকর। ছবিটি প্রযোজনা করছে জি স্টুডিওস। যদিও এখনও মুক্তির দিন ঘোষণা করা হয়নি, তবে প্রথম শিডিউল শেষ হওয়ার পর ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
















