অনুপম খের এবং কিরণ খের, তাঁদের দু'জনের নাম যেন একে অপরের সঙ্গে জুরে রয়েছে। দাম্পত্যের ৪১ বছর পার করলেন এই তারকা দম্পতি। অভিনেত্রী স্ত্রী কিরণের জন্মদিনে আদুরে পোস্ট করলেন অনুপম। 

 

সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি ভাগ করে বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, "প্রিয় কিরণ, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমাকে পৃথিবীর সমস্ত সুখ দান করুন এবং দীর্ঘ, সুস্থ ও শান্তিপূর্ণ জীবন উপহার দিন। আমাদের পরিচয়ের প্রায় ৫২ বছর পূর্ণ হতে চলল! এই দীর্ঘ সময়ের অনেকটা কেটেছে তোমার একজন গুণমুগ্ধ হিসেবে, কিছুটা বন্ধু হিসেবে, আর প্রায় ৪১ বছর কেটেছে তোমার স্বামী হিসেবে।'

 

তিনি আরও লেখেন, 'জীবন আমাদের অনেক শিক্ষা দেয়। কোনও মানুষের কাছ থেকে তুমি কী শিখেছ, তা প্রায়শই অনেক বছর পর গিয়ে বোঝা যায়। আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, বুঝতে পারি তোমার কাছ থেকে আমি কতটা শিখেছি—তোমার কোনও কথা থেকে নয়, বরং তুমি যেভাবে জীবন কাটাচ্ছ, তা থেকে। আমার জীবনে থাকার জন্য, তোমার শক্তির জন্য, তোমার সততার জন্য, তোমার বন্ধুত্বের জন্য এবং তুমি কেবল 'তুমি' হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে আজ তোমার জন্মদিন উদযাপন করব। তোমার জন্য সবসময় ভালবাসা ও প্রার্থনা রইল।'

 

অনুপম খেরের পোস্টে কিরণ খেরকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বহু নেটিজেন থেকে অনুরাগীরাও। 

 

প্রসঙ্গত, বর্ষীয়ান বলি অভিনেতা অনুপম খের কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তাঁর ও কিরণ খেরের দাম্পত্যের এক বিস্ময়কর তথ্য ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী কিরণ খের এক ছাদের তলায় থাকলেও দীর্ঘদিন ধরে আলাদা ঘরে বসবাস করেন। তবে এর পিছনে কোনও দাম্পত্য জটিলতা নয়, বরং এটি দু'জনেরই সম্মতিতে নেওয়া একটি সিদ্ধান্ত।

ওই সাক্ষাৎকারে অনুপম বলেছিলেন, “আমি এবং কিরণ এখন আলাদা ঘরে থাকি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই, বরং এটা আমাদের দু'জনের কমফোর্ট জোন। এই ব্যবস্থায় আমরা দু'জনেই নিজের মতো করে থাকতে পারি, যা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।” তিনি আরও জানান, তাঁদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা অটুট।