বলিউডে এখন চর্চার কেন্দ্রবিন্দু অংশুলা কাপুর ও রোহন ঠাক্করের বিয়ে। অর্জুন কাপুরের বোনের রিসেপশনে ঘটনার ঘনঘটা৷ মেহেন্দি, বিয়ের পর এবার জমকালো রিসেপশনেও উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। তবে শুধু তারকাদের উপস্থিতিই নয়, সন্ধ্যার একাধিক ছোট ছোট ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রিসেপশনে হাজির হয়েছিলেন জ্যাকি শ্রফ, রেখা, বনি কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, ববি দেওল-সহ বহু তারকা। প্রত্যেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান। তবে সকলের নজর কেড়েছেন জ্যাকি শ্রফ। বরাবরের মতো পরিবেশপ্রেমী অভিনেতা এবারও ফুলের তোড়া নয়, সঙ্গে নিয়ে এসেছিলেন একটি বড় টবে লাগানো সবুজ গাছ। নবদম্পতির হাতে সেই গাছ তুলে দিয়ে তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান তিনি। জ্যাকির এই ব্যতিক্রমী উপহার মুহূর্তেই নেটমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, অভিনেত্রী রেখাও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অংশুলাকে আশীর্বাদ করেন। নববধূকে জড়িয়ে ধরে স্নেহভরে শুভেচ্ছা জানান তিনি। সোনালী আর সাদার মিশেল ছিল রেখার কাঞ্জিভরমে৷ রেখার আন্তরিকতা এবং অংশুলার সঙ্গে তাঁর উষ্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের মতে, এই দৃশ্য ছিল গোটা অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত।

এদিকে অনুষ্ঠানে পৌঁছনোর সময় একটি ছোট্ট অঘটনের মুখে পড়েন অভিনেতা ববি দেওল। রেড কার্পেটে হাঁটার সময় সামান্য হোঁচট খেলেও দ্রুত নিজেকে সামলে নেন তিনি। এরপর হাসিমুখেই ফটোগ্রাফারদের সামনে পোজ দেন। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়তেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। যদিও কোনও গুরুতর চোট পাননি অভিনেতা।
রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি এলেন একসঙ্গে। সোনালী কালো ঝলমলে পোশাকে দেখা গেল শানায়া কাপুরকে৷ 

সাজ প্রসঙ্গে অংশুলা বলেন, বিবাহিত হিসাবে আমার প্রথম দিন, আমার জীবনের এই নতুন অধ্যায়ে লাল ছাড়া অন্য রঙের কথা ভাবতেই পারিনি৷ ব্রোকেড বেনারসি শাড়িতে সেজেছিলেন অংশুলা। অমিত আগারওয়ালের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন অংশুলা৷ 

রিসেপশনে বনি কাপুরের পুরো পরিবারকে একসঙ্গে দেখা যায়। ভাই অর্জুন কাপুর থেকে শুরু করে জাহ্নবী ও খুশি কাপুর—সকলেই অংশুলার বিশেষ দিনে পাশে ছিলেন। পারিবারিক এই মিলনমেলার ছবিও অনুরাগীদের নজর কেড়েছে। জাহ্নবী পরেছিলেন ল্যাভেন্ডার রঙের শাড়ি। 

উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অংশুলা কাপুর ও রোহন ঠাক্কর। বিয়ের প্রতিটি অনুষ্ঠানই ছিল তারকাখচিত। তবে রিসেপশনের এই ছোট ছোট মুহূর্ত—জ্যাকি শ্রফের পরিবেশবান্ধব উপহার, রেখার আশীর্বাদ এবং ববি দেওলের সামান্য হোঁচট—গোটা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছে। সেই কারণেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনুরাগীদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।