সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'নীতীশ তিওয়ারি কে?' প্রশ্ন তুললেন অনু
এদিন একটি সাক্ষাৎকারে রণবীর কাপুরের আসন্ন ছবি 'রামায়ণ' নিয়ে মন্তব্য করেন অনু কাপুর। সাই পল্লবীকে সীতা বানানোয় সেটা নিয়েও প্রশ্ন তোলেন। জানতে চান কে নীতীশ তিওয়ারি। এই ছবির বিষয়ে বলেন, 'কী বানাবে? ভাবুন তো কাকে সীতার চরিত্র দিয়েছেন। সীতা তো দেবী। এই দেশে হিন্দুরা বিশ্বাস করেন শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর অবতার। আর মা সীতার ভূমিকায় কাকে নিয়েছে এটা? নিজেরাই ভাবুন। আসতে দিন ছবিটা। কে এই নীতীশ তিওয়ারি? আপনি যাঁর নাম নিচ্ছেন, তাঁকে আমি চিনি পর্যন্ত না। কে ইনি? কী করেন? আমি জানি না।' প্রসঙ্গত, চলতি বছরের দীপাবলির সময় 'রামায়ণ' ছবিটির প্রথম অধ্যায় মুক্তি পাওয়ার কথা। আর পরের বছরের শেষ ভাগ। রামের ভূমিকায় ধরা দেবেন রণবীর কাপুর এবং সীতা হবেন সাই পল্লবী।
আমির খানকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের!
তৃতীয় বিয়ের পর নতুন বিপদের মুখে আমির খান? জানা গিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি সমাজমাধ্যমে প্রকাশ্যে দেওয়া হয়েছে, সঙ্গে পোস্ট করা হয়েছে একটি ভয়েস নোট। বর্তমানে বিষয়টা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আমির খান এবং টিম কোনও অভিযোগ দায়ের করেননি। জানা গিয়েছে, আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই এই হুমকি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁরা লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য বলেই দাবি করা হচ্ছে। আমির খানের বিরুদ্ধে তাঁর তৃতীয় বিয়ের পরই লাভ জিহাদের অভিযোগ উঠেছে। কী বলা হয়েছে এই হুমকিতে? বিষ্ণোই গ্যাংয়ের তরফে বলা হয়েছে, 'যে বা যাঁরা এই ধরনের নিম্নমানের কাজ করবেন তাঁদের আমরা আমাদের মতো বুঝে নেব, এটা আমাদের সহনাগরিক, ভাই বোনেদের কাছে প্রতিজ্ঞা। স্টারডমের নামে যাঁরা এসবের প্রচার করছেন তাঁদের চুপ করিয়ে দেওয়া হবে।' তবে এই পোস্টে তাঁরা সরাসরি আমির খানের নাম করেননি। কিন্তু তারপরও কারও বুঝতে বাকি নেই, তাঁরা কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন।
'বারাণসী'র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কার লুকে মুগ্ধ নেটপাড়া
'বারাণসী' ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া মন্দাকিনীর ভূমিকায় ধরা দেবেন। এদিন এসএস রাজামৌলির এই আসন্ন ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সেখানেই অভিনেত্রীকে যোদ্ধার বেশে, ওয়াইল্ড লুকে দেখা গেল। আর সেটা দেখেই মুগ্ধ নেটপাড়া। 'ডন' ছবির প্রসঙ্গ টেনে, কেউ কেউ তাঁকে 'জংলি বিল্লি' বলেও আখ্যা দেন।
















