'অন্নপূর্ণার লক্ষ্মীরা'য় আসছে টানটান উত্তেজনাপূর্ণ পর্ব। জি বাংলার এই ধারাবাহিকের নতুন প্রোমো আসতেই নড়েচড়ে বসেছেন দর্শক। এবার ভগবানের ইচ্ছেতেই এক হবে রাজা ও স্নেহার পথ? প্রোমোতে দেখা যাচ্ছে, বাড়ির লক্ষ্মী-নারায়ণকে সাক্ষী রেখে রাজা ও শর্মিকে আশীর্বাদ করে রাজার মা দুর্গাবতী। সে বলে, রাজা মায়ের দেওয়া কথা রাখবে। শর্মির সঙ্গেই রাজার বিয়ে হবে। 

মায়ের মুখে এই কথা শুনে ঘাবড়ে যায় রাজা। সে তো মনে মনে স্নেহাকেই ভালবাসে। রাজা কালী মন্দিরে যায় ভগবানকে মনের কথা বলতে। আর ঠিক সেই সময় সেখানে হাজির হয় অন্নপূর্ণা। সে রাজাকে একটা শাড়ি দিয়ে বলে, এটা ভগবানের আশীর্বাদী শাড়ি। রাজা সেটা নিয়ে মন্দিরে ঢুকতে গিয়ে দেখে স্নেহা সেখানে বসে আছে। যদিও স্নেহা রাজাকে খেয়াল করে না। এদিকে, ভগবানের কাছে স্নেহাকে ভালবাসার কথা মনে মনে বলতেই ঘটে এক অলৌকিক কাণ্ড। ঝোড়ো হাওয়া এসে ওই আশীর্বাদী শাড়িটা রাজা ও স্নেহার মাথায় এসে পড়ে। তবে কি ঈশ্বরের আশীর্বাদেই এক হবে তারা? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে, অন্নপূর্ণার বড়মেয়ে স্বাতীর সঙ্গে টাকা নিয়ে যখন সে ফিরছে তখন ছিনতাইবাজের খপ্পরে পড়ে, সর্বস্ব হারায়। এর মধ্যেই ফের নতুন বিপদের মুখে পড়ে তারা। ইতিমধ্যেই গল্পে দেখানো হয়েছে এই পর্ব। আগামীতে দেখানো হবে, অন্নপূর্ণার হোটেলে খেতে এসেছে একদল ছেলে। যদিও তাদের মতলব অন্য।

তারা এসেছে অন্নপূর্ণার পাইস হোটেলের বদনাম রটানোর জন্য। তারা হোটেলে ঢুকেই নিরামিষ থালি অর্ডার করে। আর ইচ্ছেকৃতভাবে ওই নিরামিষ খাবারের মধ্যে মাংসের হাড় মিশিয়ে দেয়। অন্নপূর্ণার চোখের আড়ালে এই ঘটনা ঘটায় সে আগে থেকে কিছুই জানতে পারে না। একটি ছেলে তাদের ডেকে বলে, নিরামিষ খাবারের মধ্যে মাংসের হাড় কীভাবে এল? অন্নপূর্ণা চমকে যায়, কিন্তু ভয়ে পিছিয়ে আসে না। প্রতিবাদ করে জানায়, তাদের হোটেলে এই ভুল কখনও হয় না। অন্নপূর্ণার প্রতিবাদের কাছে হার মানে মিথ্যেবাদীরা।