শাহরুখ খান ও সুহানা খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ঘিরে জল্পনার শেষ নেই। এর মধ্যে বড় প্রশ্ন, আন্তর্জাতিক পপ তারকা এড শিরান কি এই ছবির গানে থাকছেন? অবশেষে এই জল্পনা নিয়ে মুখ খুললেন ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। তাঁর কথায় যেন নতুন করে আশার আলো দেখছেন ভক্তরা।

 

শাহরুখ খানের ‘কিং’ নিয়ে জল্পনার পারদ চড়ছে প্রতিদিন। একদিকে যেমন শাহরুখ-সুহানার প্রথমবার পর্দায় জুটি বাঁধার উত্তেজনা, তেমনই অন্যদিকে সংগীত জাদুকর অনিরুদ্ধ রবিচন্দরের সুরের জাদুতে আন্তর্জাতিক তারকার ছোঁয়া পাওয়ার সম্ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিরুদ্ধকে প্রশ্ন করা হয়, এড শিরান কি এই ছবির সংগীতের অংশ? জবাবে তিনি সরাসরি কিছু না বললেও, বিষয়টি একেবারে উড়িয়ে দেননি।

 

 

এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, “এটা স্রেফ এখনও ভাবনার পর্যায়ে। এখনও তা বাস্তবায়িত হয়নি। তবে এটা কিন্তু হতেও পারে… অথবা বড় কোনও চমক হয়তো অপেক্ষা করছে।” অর্থাৎ, এড শিরানের সঙ্গে আলোচনার বিষয়টি এখনই চূড়ান্ত নয়, কিন্তু অনিরুদ্ধর এই আভাস বুঝিয়ে দিচ্ছে, দর্শক বড় কিছু পেতেই চলেছেন।

 

গত বছর জুন মাসেই এড শিরান নিজেই একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি শাহরুখ খানের একটি ছবির জন্য হিন্দি গান রেকর্ড করেছেন। যদিও ছবির নাম তিনি গোপন রেখেছিলেন। ভক্তদের মধ্যে তখন থেকেই কৌতূহল তুঙ্গে। এখন অনিরুদ্ধর নতুন মন্তব্যে সেই সম্ভাবনা ফের জোরালো হল।

 

সংশ্লিষ্ট মহলের খবর অনুযায়ী, ‘কিং’ শুধু একটি অ্যাকশন ছবি নয়, এটি একটি ইমোশনাল থ্রিলার।  এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে এক দুর্ধর্ষ আন্ডারওয়ার্ল্ড খুনির চরিত্রে, আর সুহানা খান তাঁর প্রশিক্ষিত শিষ্য। তাদের এই গুরু-শিষ্য রসায়নই ছবির প্রাণ। শাহরুখ-সুহানা ছাড়াও ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ার্সি, অভয় বর্মা এবং রাঘব জুয়াল।গত বছর শাহরুখের জন্মদিনে তাঁর ‘সিলভার-হেয়ার’ লুক এবং “ডর নহি, দেহশাত হুঁ” সংলাপটিই বুঝিয়ে দিয়েছিল এটি কতটা অ্যাকশন প্যাকড  সিনেমা হতে চলেছে।রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্সের এই বিশাল বাজেটের ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬, অর্থাৎ ক্রিসমাসের মরসুমে। অনিরুদ্ধর কথায়, “সিদ্ধার্থ স্যার এবং শাহরুখ স্যার এই ছবির জন্য প্রচণ্ড খাটছেন। আমরা চাই তাঁদের সেরাটা দিতে।”

 

এখন অপেক্ষা শুধু বড় কোনও ঘোষণার। এড শিরানের সেই ম্যাজিক ভয়েস কি শাহরুখের পর্দায় দাপিয়ে বেড়াবে? উত্তর সময়ের গর্ভেই।