'গদর এক প্রেম কথা' ছবিটি সবেই ২৫ বছর পূর্ণ করল। আর তারপরই এদিন ছবির পরিচালক জল্পনায় সিলমোহর দিয়ে জানালেন 'গদর ৩' আসছে। শুধু তাই নয়, তিনি এদিন এও জানান, যেই মুহূর্তে তিনি 'গদর এক প্রেম কথা' ছবিটির স্ক্রিপ্ট হাতে পান বুঝ গিয়েছিলেন যে এটি ভারতের সবথেকে বড় হিট ছবি হওয়ার ক্ষমতা রাখে। গত বছর ধরে ছবিটি একাধিক রেকর্ড গড়েছে এবং সত্যিই হিট ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এদিন তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'যেদিন ছবির লেখক শক্তিমান তলোয়ার আমায় গল্পটি শোনান আমি সেদিনই বুঝে গিয়েছিলাম এটার মধ্যে সেই জোর আছে ভারতের সবথেকে বড় হিট ছবি হওয়ার। মাদার ইন্ডিয়া, মুঘলে আজম, শোলে, এই তিনটি হল আমার সবথেকে পছন্দের ছবি। আমি এই ছবিটিকে সেই লেভেলে বানাতে চেয়েছিলাম এখন সেগুলোকে টপকে গিয়েছে।'
শুধু ব্লকবাস্টার ব্যবসা না, অনিল শর্মা জানান ছবিটির ফুটফল ১০ কোটি, যা এখনও পর্যন্ত আর অন্য কোনও ছবি করে দেখাতে পারেনি। এমনকী 'গদর ২' ছবিটিও না। 'লাগান' ছবিটিও সম্প্রতি ২৫ বছর পূর্ণ করল। তার সঙ্গে কি 'গদর ২' -এর কোনও প্রতিযোগিতা ছিল? অনিল শর্মার কথায়, 'সেই সময় কোনও কম্পিটিশন ছিল না। একটা দুটো বড় ছবি বেরত একসঙ্গে। আর সবগুলোই ভাল ব্যবসা করত।'
'গদর এক প্রেম কথা'র পর গদর ২ ও ব্লকবাস্টার হিট হয়েছে। এবার কি 'গদর ৩' আসছে? জল্পনায় সিলমোহর দিয়ে অনিল বলেন, 'উৎকর্ষ বড় হওয়ার পর সবাই বলছিল জিতের গল্প দেখাও। কিন্তু আমার কাছে গদরের গল্প আসলে বম্ব। আমি বলেছিলাম অ্যাটম বম্বের মতো গল্প পেলে গদর ২ বানাব। গল্প পেয়েছি, বানিয়েছি। এবার যদি নিউক্লিয়ার বম্বের মতো গল্প পাই তাহলে গদর ৩ বানাব। স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে। যদি ঈশ্বর চান আগামী বছরই এই ছবির কাজ শুরু করে দেব।'
প্রসঙ্গত, ২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল 'গদর এক প্রেম কথা'। মুখ্য ভূমিকায় ছিলেন সানি দেওল, আমিশা প্যাটেল, ওমরিশ পুরী।
















