প্রয়াত পরিচালক অনীক দত্ত৷ মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা৷ পরিচালকের মৃত্যুতে শোকাহত অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ৷ রুদ্রনীল বলেন, "অনীকদা এমন একজন মানুষ যাঁর সঙ্গে তর্ক করে শান্তি পাওয়া যেত৷ অনীকদা অনীকদা-ই। অপূরণীয় ক্ষতি, যাঁরা বন্ধু তাঁদের, পরিবারের মানুষদের প্রতি আমার সমবেদনা রইল৷ এবং যাঁরা সিনেমার সঙ্গে যুক্ত তাঁদেরও ক্ষতি৷"

রুদ্রনীল আরও বলেন, "অনীকদা নিজস্বতায় বাঁচতেন৷ বিজ্ঞাপনে ওঁর সঙ্গে কাজ করেছি৷ অন্য ধারায় নিয়ে গিয়েছিলেন বিজ্ঞাপনকে৷ বিজ্ঞাপনের দুনিয়া থেকে যখন সিনেমার জগতে এলেন, তখনও ভূতের ভবিষ্যৎ, অপরাজিত একের পর এক অসাধারণ কাজ৷ ভবিষ্যতের ভূত ছবিতে অনীকদা'র সঙ্গে আমার কাজ করার কথা হয়েছিল৷ আমাকে ফোন করে অদ্ভুত কথা বলেছিলেন৷ এই রুদ্র আমাকে চিনতে পারছ, একসঙ্গে কাজ করতাম আমরা৷ এটাই অনীকদা৷ আমার মনে হয় অনীকদা নিজে একজন অপরাজিত৷" 

আচমকা মৃত্যুতে মর্মাহত রুদ্রনীল বলেন, "কখনও মনে হয়নি অবসাদে ভুগছিলেন৷  মাস দেড় দুই আগে একটা প্রিমিয়ারে দেখা হয়েছিল অনীকদার সঙ্গে,  বললাম, অনীকদা তোমার শরীরটা কেমন লাগছে, বললেন, নারে, শরীরটা খুব একটা জুতসই  মনে হচ্ছে না বুঝলি? শরীর খারাপ থাকায় খুব অল্প সময়ের জন্যই এসেছিলেন৷" 

অনীক দত্তের মৃত্যুর সঠিক তদন্ত প্রসঙ্গে রুদ্রনীল বলেন,"এই ঘটনার নেপথ্যে কোন কারণ তা সঠিক তদন্তের মধ্য দিয়ে নিশ্চয় উঠে আসবে৷ মৃত্যুর খবর অত্যন্ত যন্ত্রণার৷ এখনও বিশ্বাস করতে ইচ্ছা করছে না৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের নতুন সরকারের পক্ষ থেকে বলাই হয়েছে, কোনও কিছুকে চেপে দেওয়া হবে না৷ কোনও ঘটনা চেপে দেওয়া যাবে না৷ তাই অনীকদার মৃত্যুর সঠিক কারণ নিশ্চয় জানা যাবে৷"