বুধবার না ফেরার দেশে পাড়ি দিলেন অনীক দত্ত। পরিচালকের রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। এদিন নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকেরা। 'ভূতের ভবিষ্যৎ'-এর পরিচালকের মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাংলার সিনে জগৎ থেকে দর্শকমহল। পরিচালকের চলে যাওয়ার খবর পেয়ে এদিন কান্নাভেজা গলায় প্রতিক্রিয়া জানালেন দেবলীনা দত্ত। 

এদিন অনীক দত্তর মৃত্যুর খবর যেন বিশ্বাসই করতে পারছিলেন না দেবলীনা। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "এটা কি নিশ্চিত? যা শুনছি সত্যি কি তাই হয়েছে? বিশ্বাস করতে পারছি না। "  এদিন দ্রুত হাসপাতালে পৌঁছন দেবলীনা। তাঁর কথায়, "কিছু বুঝতে পারছি না। হোয়াটসঅ্যাপে কথা হত। খুবই বন্ধু ছিলেন অনীক দা।" 

অনীক দত্তর পরিচালনায় 'ভূতের ভবিষ্যৎ' সাড়া ফেলেছিল সিনে মহলে। বক্স অফিসের সঙ্গে পর্দায় ভূতেদের অভিনয় আলাদাভাবে প্রশংসা কুড়িয়েছিল। এর কয়েক বছর বাদে ‘ভবিষ্যতের ভূত’ নিয়ে আসেন পরিচালক। যদিও সেই ছবি 'ভূতের ভবিষ্যৎ'-এর সিক্যুয়েল ছিল না। গল্প এবং চরিত্ররা সবই ছিল নতুন। সেখানেই অভিনয় করেছিলেন দেবলীনা। ‘ভবিষ্যতের ভূত’ নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। ছবিটি মুক্তি পাওয়ার পরের দিনই আচমকা বন্ধ হয়ে যায় প্রদর্শন। সেই স্মৃতি হাতরান দেবলীনা। বলেন, "আমরা ভবিষ্যৎ ভূত নিয়ে এত লড়েছিলাম। কিন্তু এটা কী হল বুঝতে পারছি না। "

প্রসঙ্গত, পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অনীক দত্তর মৃত্যু আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ আরও জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পূর্ণাঙ্গ না এলে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ফলে পরিচালকের মত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা এখনও অব্যাহত। আজ সন্ধেবেলায় অনিক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 

কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। আবাসনে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।